
ইফতেখার জামিল
গত পরশু লালমাই পাহাড়ে বেড়াতে গিয়েছিলাম। নানুবাড়ির কাছেই লালমাই পাহাড়। নানুবাড়িতে গেলে আমি লালমাই থেকেও ঘুরে আসি। তো পরশু পাহাড়ের ওপর হাটতে হাটতে শর্ষিণা সিলসিলার কয়েকজন ছাত্রের সাথে দেখা হল। পোশাক ও আচরণ দেখে বড় ভালো লাগলো। অনেকক্ষণ কথাও হল। তারা দ্বীনীয়া মাদরাসার ছাত্র। এর সাথে কওমি মাদরাসার অনেক মিল। তবে কেন যেন একটা দূরত্বও আছে। এর দায় আমাদেরকেও নিতে হবে।
এই ভাগ ও বিভাজন দূর করার প্রধান মাধ্যম হচ্ছে, ইতিহাস জানতে হবে। মৌলিক চিন্তাও জানতে হবে। এবং নিয়মিত যোগাযোগ রক্ষা করতে হবে। তাতে দূরত্ব কমে আসবে। অনেক দিন আগে গুলিস্থানে বেরলবিদের মিছিল দেখে মনে হল, তারা যাই করুক, এটা ইসলাম মনে করেই করছে। এতে বিদআত আছে, তবে আবেগও আছে। ইসলামের প্রতি ভালোবাসাও আছে। বাংলাদেশের জামাতে ইসলামির মধ্যে এক ধরণের ট্র্যাডিশন ও তাসাউফ বিরোধিতা আছে। তবে চট্রগ্রামের জামাতের মধ্যে এই প্রবণতা কম। কেননা সেখানকার কয়েকজন পীর জামাতের পক্ষে কাজ করেছেন। ফলে সেখানকার জামাতি অনেক নেতা কওমি মাদরাসার সাথে সম্পর্ক রাখেন বলে আমি শুনেছি। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত গবেষণা দরকার।
বাংলাদেশে আওয়ামীলীগ একরকমের সেকুলারিজমের চর্চা করে। এটা নিছক পশ্চিমের সেকুলারিজম নয়। ব্রিটিশ ও পাকিস্তান আমলেই এটা দানা বাঁধতে শুরু করে। এবং আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সময়ে প্রচুর ধার্মিক মানুষও এতে শরীক ছিলেন। এখনো প্রচুর আওয়ামীলিগার ইসলাম ও মুসলামানি সংস্কৃতি চর্চা করেন। এরা কারা, এর ঐতিহাসিক ভিত্তি কী? এর ভিত্তি হচ্ছে, চিশতিয়া তরিকা। উপমহাদেশে চিশতিয়া তরিকা মারফত এক ধরণের ‘উদারতা’ প্রতিষ্ঠিত হয়েছিল। আমি বলছিনা। সবার সাথে আপনার একমত হতে হবে। তবে জানতে হবে ইতিহাস ও বিকাশের ধারাবাহিকতা।আলোচনা ও পর্যালোচনার খুলবে পথ!
