
ফাতেহ ডেস্ক: অল্প বয়সেই বাবা হারা হন বরিশালের শারমিন আক্তার (ছদ্মনাম)। মা খেয়ে না খেয়ে তাদের দুই বোনকে মানুষ করার চেষ্টা করেন। অভাবের সংসারে কিছুতেই স্বচ্ছলতা ফিরছিল না। তাই মা আর বোনকে দেশে রেখে সৌদি যাওয়ার সিদ্ধান্ত নেন এই তরুণী। কিন্তু ভাগ্যের কী নিষ্ঠুর পরিহাস! সৌদি শেখদের নির্যাতনের শিকার হয়ে নিঃস্ব হাতে দেশে ফিরতে হয়েছে শারমিনকে।
বিদেশে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে আসা ৭০ জন নারীকে নগদ অর্থ সহায়তা অথবা প্রশিক্ষণের মাধ্যমে চাকরি দেয়ার উদ্যোগ নিয়েছে বেসরকারি সংস্থা ব্র্যাক এবং লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি)। সেই ৭০ নারীর একজন এই শারমিন আক্তার।
সোমবার ব্র্যাক সেন্টারে জাগো নিউজের সঙ্গে সৌদি যাওয়া, শেখদের নির্যাতন, পালিয়ে দূতাবাসে অবস্থান নেয়া, দূতাবাসের কর্মকর্তাদের ব্যবহারসহ সার্বিক বিষয় নিয়ে কথা বলেন শারমিন। তিনি জানান, শাজাহান নামের এক দালালের মাধ্যমে ২০১৬ সালের শেষের দিকে সৌদি যান। কিন্তু সৌদি শেখদের নির্যাতন সইতে না পেরে মাস দুই আগে ব্র্যাকের সহায়তায় দেশে ফিরেন আসেন।
শারমিন বলেন, ‘দালাল শাজাহান আমাকে মেডিকেলের ভিসার কথা বলে সৌদি পাঠায়। ওখানে যাওয়ার পর জানতে পারি বাসা-বাড়ির ভিসা। যদি ফিরে আসি তাহলে মানুষ খারাপ বলবে-এই চিন্তা করে ওই বাসাতে কাজ করতে থাকি। বাসাতে যমজ ৫টি বাচ্চা ছিল। তাদের বড় ভাই ছিল ৭ জন। সব মিলিয়ে তিন তলার বাড়িতে ১৫ জন মানুষ ছিল।
‘সারাদিন কষ্ট করে কাজ করতাম। কিন্তু ওরা আমাকে খেতে দিত না। খেতে দিত খেজুর আর রুটি। ওরা যখন খেত, তখন সেখান থেকে কিছুটা রুটি ছিড়ে আমাকে দিত। বাচ্চাদের গোছগাছ করা ও তিন তলা বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে এভাবে খেজুর আর রুটি খেয়ে থাকতে খুব কষ্ট হতো। কিন্তু কিছুই করার ছিল না। তাই কাজ করে যেতাম, বলেন শারমিন।
