
ফাতেহ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনে সীমিত আকারে পরীক্ষামূলকভাবে ব্যবহারের জন্য ইভিএম কেনা হচ্ছে। এ সংক্রান্ত প্রকল্প প্রস্তাব আগামী মঙ্গলবার একনেক সভায় তোলা হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ওই সভাতেই প্রকল্পটি অনুমোদন পাবে বলেও আশাবাদী তিনি। মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ আশা জানান মন্ত্রী।
ভোট স্বচ্ছ, ত্রুটিমুক্ত ও আধুনিক প্রযুক্তি নির্ভর করতে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম কেনার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ সংক্রান্ত প্রকল্প প্রস্তাব কিছুদিন আগেই পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে ইসি।
শেরেবাংলা নগরে মঙ্গলবার একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী জানান, নির্বাচনে ইভিএম ব্যবহার এক সময়ে করতেই হবে। এজন্য আসন্ন জাতীয় নির্বাচনে সীমিত আকারে এর ব্যবহারের প্রকল্প অনুমোদন দেয়া হচ্ছে।
সভায়, ৫ হাজার ৯১৮ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে প্রতিটি আসনে সংসদ সদস্যের সুপারিশের ভিত্তিতে ছয়টি করে মাদ্রাসা উন্নয়ন প্রকল্পে অনুমোদন দেয়া হয়। তবে এই প্রকল্প সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে দাবি মন্ত্রীর।
একনেক সভায়, পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগার সংরক্ষণ ও উন্নয়নসহ সতেরো হাজার ৭৮৬ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে ১৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
