
ফাতেহ ডেস্ক: ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনের সুস্পষ্ট ধারণা নেই বলে উল্লেখ করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
ইভিএম বিষয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, ‘আগে নিজেরা চালানো শিখুন, পরে অন্যকে শেখান।’
বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর লেকশোর হোটেলে ‘ইভিএমকে না বলুন আপনার ভোট সুরক্ষিত করুন’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন কাদের সিদ্দিকী।
বঙ্গবীর বলেন, ‘ইভিএম যারা এনেছে তারাও এর ব্যবহার ঠিকমতো জানে না, যারা ভোট দেবে তারা কখনো ইভিএম দেখেইনি। একজন নাগরিকের ইচ্ছেমতো, পছন্দমতো ভোট দেয়ার অধিকার আছে কিন্তু যে যন্ত্র জনগণ কখনো দেখেনি সেটা স্পর্শ করলে যে ভোট হবে এটা তারা বিশ্বাস করতে পারে না।’
অনুষ্ঠানের সভাপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচন কমিশন (ইসি) বর্তমান সরকারের আজ্ঞাবাহ। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। সব অপশক্তি অবলম্বন করে আবারও ক্ষমতায় আসতে চায় এ সরকার।
আমরা ১০ বছর ধরে এ সরকার দ্বারা নির্যাতনের শিকার হচ্ছি। আমাদের হাজার হাজার নেতা আজ কারাগারে। আমরা যখন নির্বাচনে যেতে চাচ্ছি তখনও আমাদের এসব নেতা কারাগারে আছেন। পদে পদে গ্রেফতার করা হচ্ছে। আগামী নির্বাচনে ভোট বিপ্লবের জন্য জনগণ প্রস্তুত রয়েছে।’
