ওয়াজ মাহফিল ফাসাদের জায়গা নয় যে বন্ধ করতে হবে : শায়েখ মাহমুদুল হাসান

ওমর ফারুক

নির্বাচনের আগে নতুন করে ওয়াজ মাহফিলের অনুমতি না দেওয়া প্রসঙ্গে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ীর মুহতামিম, গুলশান আজাদ মসজিদের খতিব শায়েখ মাওলানা মাহমুদুল হাসান বলেছেন, ওয়াজ মাহফিল ফাসাদের জায়গা নয় যে, তা বন্ধ করে দিতে হবে। নির্বাচন কমিশন কোন নীতি অবলম্বন করে এ সিদ্বান্ত নিয়েছে তাও আমাদের বোধগম্য নয়। রোববার ফাতেহ২৪ ডটকমের সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেন।

মাওলানা মাহমুদুল হাসান বলেন, ‘দ্বীনী কার্যক্রম ও অনুষ্ঠানে কোনো ফেতনা ফাসাদ হয় না। ফেতনা ফাসাদের জায়গা ওয়াজ মাহফিল নয়ও। নির্বাচন কমিশন সুচিন্তিত মতামত নিয়ে একটি সিদ্ধান্ত নিলে ভালো ছিল। ওয়াজ মাহফিলে রাজনৈতিক কোনো বক্তব্য যেন দেওয়া না হয়, ইসি এতোটুকু নির্দেশ দিতে পারতো। তবে সাধারণভাবে বন্ধ করে দিলে মানুষ দ্বীনের কথাবার্তা শুনা থেকে বঞ্চিত হবে। এতে নেতিবাচক প্রভাবও ফেলবে।’

তিনি আরও বলেন, ‘তারা হয়তো ভাবছে ওয়াজ মাহফিলের মাধ্যমে বাড়াবাড়ি হবে ও রাজনৈতিক বক্তব্য আসবে। এছাড়া ওয়াজ মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও আসেন। এ কারণেই তারা শঙ্কা প্রকাশ করছেন। তবে আমাদের কথা হচ্ছে, ওয়াজ মাহফিল বন্ধ না করেও প্রশাসন এসব প্রতিরোধ করতে পারতো। কিংবা যেসব জায়গায় আগেও কিছু কিছু সমস্যা হয়েছে এসব ক্ষেত্রে তারা চিন্তা ভাবনা করতে পারতো।’

মাওলানা মাহমুদুল হাসান বলেন, ‘যেহেতু ইসি নির্দেশ দিয়ে ফেলেছে অতএব এখন বাধ্য বাধকতার বিষয়টি চলে আসে। চাইলেও জোর করে ওয়াজ মাহফিল করা যাবে না। তবে এর দ্বারা সাধারণ মানুষের দ্বীনের আলোচনা থেকে বঞ্চিত হওয়ার যে ক্ষতিটি হয়ে যাবে তা পূরণীয় নয়।’

আগের সংবাদবিকেলে বিএনপি প্রার্থীদের নাম ঘোষণা
পরবর্তি সংবাদমনোনয়ন না পাওয়ায় কলাগাছ দেখিয়ে প্রতিবাদ