‘গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতেই ঐক্য প্রক্রিয়ার ডাক দেওয়া হয়েছে’

আওয়ার ইসলাম: দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতেই তাদের এই ঐক্য প্রক্রিয়া। দেশে ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নেই। তাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতেই ঐক্য প্রক্রিয়ার ডাক দেওয়া হয়েছে।’ বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশে বক্তারা।

শনিবার বিকালে ঢাকা মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। এর আগে শনিবার বিকাল পৌনে ৫টার দিকে গুলিস্তানে ঢাকা মহানগর নাট্যমঞ্চে সমাবেশে যোগ দেন প্রধান অতিথি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে মাহী বি চৌধুরী ও মেজর (অব) মান্নান। সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘আজকের মেধাবী তরুণ কালকের ভবিষ্যত।

বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘নির্বোধ ব্যক্তিরা কেন দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবে? দায়িত্বে থাকতে হবে মেধাবীদের, বুদ্ধিমানদের। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব (প্রশাসনে) মেধাবীদেরই গুরুত্ব দিতে হবে।’

তিনি কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশে বলেন, তাদের ওপর ছুরি দিয়ে আঘাত করবেন, চাপাতি দিয়ে আঘাত করবেন। গুন্ডা লেলিয়ে দেবেন। আপনি করেন নাই, আপনার লোকজন করেছে। এটা লজ্জার বিষয়।’

আগামীতে জনসভা করার জন্য সরকার কিংবা পুলিশের অনুমতি নেয়া হবে না জানিয়ে যুক্তফ্রন্ট চেয়ারম্যান, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী সরকারের উদ্দেশ্যে বলেছেন, ‘কেন আপনাদের অপরাধের প্রতিবাদে কথা বলার জন্য সভা-সমাবেশ করতে পুলিশের অনুমতি নিতে হবে? আপনারা যখন তখন, যত্রতত্র সভা সমাবেশ করতে পারেন। তাহলে অন্যদের ক্ষেত্রে বাধা কেন? আগামী দিনে আমরা পুলিশ নয়, জনগণের অনুমতি নিয়ে সভা-সমাবেশ করবো।’

বি. চৌধুরী বলেন, বাংলাদেশ প্রতিবাদী জাতি, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ করেছে, বাংলাদেশ পাকিস্তানী স্বৈরাচার বরদাস্ত করে নাই, প্রতিবাদ করেছে। এখনো করবে।

এসময় তিনি দুর্নীতি ও ঘুষ নিয়ে মন্তব্য করে বলেন, স্পিড মানি বলে সেটা বৈধ করা হয়েছে। সরকারের প্রতিটা মন্ত্রাণালয়ে চ্যানেল করেছে একটা মন্ত্রণালয়ও ঘুষ ছাড়া চলে না।

বদরুদ্দোজা বলেন, ‘এখন রুখে দাঁড়ানোর সময়। এখন অধিকার আদায়ের সময়। প্রতিবাদের কণ্ঠ ধারালো করতে হবে।’

গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা ড. কামাল হোসেন বলেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতেই তাদের এই ঐক্য প্রক্রিয়া। দেশে ভোটাধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নেই। তাই একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতেই ঐক্য প্রক্রিয়ার ডাক দেওয়া হয়েছে।’

গণফোরাম সভাপতি বলেন, দেশের জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। জানমালের নিরাপত্তা নেই। মানুষ আজ দিশেহারা। মানুষ সুশাসন ও আইনের শাসন চায়।

ড. কামাল হোসেন বলেন, ‘দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। আজ তা পুনরুদ্ধারে আমরা সমবেত হয়েছি। একাত্তর সালে ‍মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জনগণ বিজয় ছিনিয়ে এনেছিল। আজ জাতীয় ঐক্যের ভিত্তিও হচ্ছে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা; রাষ্ট্রের আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করে জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব।’

সংবিধানের অন্যতম এ প্রণেতা আরো বলেন, ‘আমি আশা করি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ জনগণকে উজ্জীবিত করে বৃহত্তর জাতীয় ঐক্য ও গণজাগরণ সৃষ্টি লক্ষ্যে জনগণকে অনুপ্রাণিত করে তাদের মূল্যবান বক্তব্য দেবেন।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে তার দলের নেতাকর্মীদের হাজার হাজার প্রাণ গিয়েছে। পাঁচশ’র মতো নেতাকর্মী গুম হয়ে গেছে।নেতাকর্মীদের নামে ইতিপূর্বে ৭৮ হাজার মামলা দেয়া হয়েছে। গড়ে ১৮ দিনে ৩৬৭৬টি মামলা দেয়া হয়েছে।

বিএনপির নেতাকর্মীদের ঘরে ঘরে পুলিশ অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আগামী নির্বাচনে যেন জনগণ অংশগ্রহণ করতে না পারে সে জন্য মহড়া দেয়া হচ্ছে।

বিএনপির মহাসচিব বলেন, আজকে যদি এই সরকারকে আমরা সরিয়ে দিতে না পারি এবং জনগণের ঐক্যের সরকার প্রতিষ্ঠা করতে না পারি তাহলে দেশের স্বাধীনতাও থাকবে না। এ জন্য কারাগার থেকে খালেদা জিয়া খবর দিয়েছেন যে কোনো মূল্যে জাতীয় ঐক্য গড়তে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে যেসব দাবি এসেছে প্রায় সবার দাবিদাওয়া একই। আমাদের প্রধান শর্ত হচ্ছে এই সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে এবং নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে সুষ্ঠু নির্বাচন করতে। এ কারণে ইসি পুনর্গঠন করতে হবে।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রব দলের নেতাকর্মী ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘আমরা আর ঘরে থাকতে চাই না। আর ঘরে বসে থাকলে চলবে না। এবার আমাদেরকে মাঠে যেতে হবে।’

আ স ম আব্দুর রব বলেন, ‘দেশের কোনও ব্যাংকে আজ টাকা নাই, খনিতে কয়লা নাই, সব লুট হয়ে গেছে। কবে মানচিত্র লুট হয়ে যাবে সেই চিন্তায় আছি। সরকার উন্নয়ন করেছে তার সাথে লুটপাটও করেছে। এক টাকার উন্নয়ন করে একশো টাকা লুট করেছে সরকার। তাই আমাদেরকে এ সমস্ত অন্যয়ের প্রতিবাদে ঐক্যবদ্ধভাবে এখনই মাঠে নামতে হবে।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে দেশে নির্বাচনকালীন সরকার প্রয়োজন। তবে নিরপেক্ষ সরকারে যারা থাকবে তারা নির্বাচন করতে পারবে না। এই মুহূর্তে দরকার জাতীয় ঐক্যের সরকার।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে ডা.জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী যা বলেন, তা করেন না। উনার মূল পরামর্শদাতা ভারতীয় গোয়েন্দা সংস্থা র’ ও ইসরাইলের মোসাদ।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে তিনি বলেন, ‘সোজা পথে আসেন। আপনার বাবা বঙ্গবন্ধুও নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়েছিলেন। আপনিও নির্বাচনের আগে তা ভেঙে দিন এবং দেশে একটি সুষ্ঠু নির্বাচন দিন।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘আমরা আসা করছি অচিরেই জাতীয় ঐক্য প্রক্রিয়া আরও সুসংগঠিত হবে এই স্বৈরাচার সরকারকে সরিয়ে দেয়ার জন্য। বর্তমান জালিম সরকারের পতনে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সাথে থাকবে বিএনপি।’

মওদুদ বলেন, ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া শুরুর যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আমরা অনেকদিন ধরে বলে আসছি জাতীয় ঐক্য ছাড়া এই স্বৈরাচার সরকারকে অপসারণ করা সম্ভব নয়। আজ সেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হওয়ার পথে।’

পাচঁটি দাবি নিয়ে ঐক্য প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে মওদুদ বলেন, ‘গ্রেপ্তারকৃতদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, ইভিএম বাতিল করতে হবে, নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে হবে।’

আন্দোলনে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করে মওদুদ বলেন, ‘এই জালিমশাহী সরকারকে সরিয়ে দেয়ার জন্য যে কোনও আন্দোলনে জাতীয় ঐক্য প্রক্রিয়ার সাথে থাকবে বিএনপি।’

এদিকে সমাবেশে দেয়া বক্তব্যে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের অবিলম্বে মুক্তি দাবি করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মান্না বলেন, ‘দেশ এখন গভীর সংকটে। সাড়ে তিন মাস পর জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। যদি এ সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে আবারো ২০১৪ সালের মত ৪২০ মার্কা নির্বাচন হবে। পুরো দেশের মানুষের মধ্যে একটাই আতঙ্ক ও শঙ্কা- আমরা কি ভোট দিতে পারবো? নাকি পুলিশ দিয়ে ভোট বাক্স ভরে সরকার আবারও ক্ষমতায় আসবে?’

এদিকে, আগামী ১ অক্টোবর থেকে সারাদেশে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া। শনিবার মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশ থেকে এ ঘোষণা দেন প্রকৌশলী শেখ মো. শহীদুল্লাহ।

আগের সংবাদতানজানিয়ায় ফেরিডুবি: নিহতের সংখ্যা বেড়ে ১৩৬
পরবর্তি সংবাদপ্রশংসায় ভাসছেন প্রেসিডেন্ট এরদোগান