
ফাতেহ ডেস্ক: গত কয়েক দিন ধরে আবারও তীব্র দাবদাহের কবলে পড়েছে ইউরোপসহ এশিয়ার বিভিন্ন দেশ। তাপমাত্রা বাড়ায় হুমকির মুখে ভূপৃষ্ঠসহ সাগর তলের জীববৈচিত্র। এই অস্বাভাবিক আবহাওয়ার জন্য জলবায়ু পরিবর্তন ও গ্রিন হাউজ গ্যাসের বৃদ্ধিকে দায়ী করছেন গবেষকরা।
ক্ষতিকর গ্রিন হাউজ গ্যাসের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বৈশ্বিক উষ্ণতা। যুক্তরাষ্ট্রের বার্ষিক জলবায়ু প্রতিবেদনে আবারো উঠে এসেছে এই আশংকার কথা।
“অস্বাভাবিক জলবায়ু” এই কথাটি অসংখ্যবার উল্লেখ করা হয়েছে ৩০০ পৃষ্ঠার প্রতিবেদনে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কথাও বার বার উল্লেখ করেছেন গবেষকরা। তাদের দাবি, প্রকৃতিতে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রস অক্সাইড – এই ৩টি ক্ষতিকর গ্রিনহাউজ গ্যাসের মাত্রা ২০১৭ সালেই আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
গত চার বছর ধরে বার্ষিক তাপমাত্রার বৃদ্ধির রেকর্ড গড়ে চলেছে মেক্সিকো। একই অবস্থা আর্জেন্টিনা, বুলগেরিয়া, স্পেন, জাপান আর উরুগুয়েতেও। পাকিস্তানের পশ্চিমাঞ্চলে, মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৫৩.৫ ডিগ্রী সেলসিয়াস। শুকিয়ে গেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন নদনদীর পানি।
২ হাজার বছরের মধ্যে ভূপৃষ্ঠে এরকম অস্বাভাবিক তাপমাত্রাও আর দেখা যায়নি। গত ৩৭ বছরের স্যাটেলাইটের ছবিতেও দেখা যাচ্ছে উত্তর মেরুর বরফ গলে বাড়ছে সাগরের পানির উচ্চতা। সাগরের তাপমাত্রা বাড়ায় বেড়ে গেছে বাতাসের আদ্রতার পরিমাণ। তাই দিনের বেলায় প্রচণ্ড গরম থাকলেও রাতের বেলা অনেক জায়গাতেই তীব্র শীত অনুভূত হচ্ছে।
আবহাওয়াবীদ ব্রুনো ক্যাফে বলেন, কয়েক দিনের মধ্যে দক্ষিণ ও মধ্য পর্তুগালের তাপমাত্রা ৪৫ ডিগ্রী ছাড়িয়ে যাবে। আগে তাপমাত্রা ৩০ ডিগ্রির উপরে কখনোই ওঠেনি। রাতেও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে অনেক জায়গায়।
১৯৯৮ সাল থেকে টানা ১০ বছরে তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড ভেঙেছিল বেশ কয়েকটি দেশ। ২০১৪ সাল থেকে আবারও একই পরিস্থিতি। ১৯০০ সালের পর ২০১৬ সালে সবচেয়ে বেশী তাপমাত্রা দেখা গেছে উত্তর মেরুতে।
