
ফাতেহ ডেস্ক
১২০ দিনে পুরো কুরআন শরীফ মুখস্ত করল টেকনাফের আব্দুর রহীম। ৯ বছর বয়সের এই এতিম শিশুটি কক্সবাজার খানকায়ে হামেদিয়া এতিমখানা ও হেফজখানার ছাত্র। টেকনাফের মধ্যম হ্নীলা গ্রামের মরহুম নুরুল আজিমের পুত্র সে। ২ ভাই ২ বোনের মধ্যে আব্দুর রহীম তৃতীয়।
হাফেজ আব্দুর রহিমের পিতা নুরুল আজিম চার বছর আগে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় মারা যান। মা ফাতেমা বেগমের বিয়ে হয় অন্যত্র। তাই এতিমখানায় মানুষ হচ্ছে শিশুটি।
এতিম ছেলেটি মা-বাবকে হারিয়ে দাদা-দাদীর কাছে থাকতে শুরু করে। দাদা ইউছুপ ও দাদী সারা খাতুনের তত্ত্বাবধানে ভর্তি হয় কক্সবাজার সদর হাসপাতাল সড়ক সংলগ্ন খানকায়ে হামেদিয়া এতিমখানা ও হেফজ খানায়।
প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ নাজমুল কামাল জানান, আব্দুর রহীম খুবই মেধাবী ও শান্ত ছেলে। এক বৈঠকেই পুরো তিরিশ পারা কুরআন শরীফ শুনিয়েছে সে।
অভিভাবকত্ব না পেলে মেধাবী শিশুটির পড়ালেখা ও ভবিষ্যত জীবন অনিশ্চিত হয়ে পড়বে বলেও জানান তিনি। এ প্রসঙ্গে এতিম খানার তত্ত্বাবধায়ক সালাহ উদ্দিন আহমদ জানান, আব্দুর রহীমের পড়ালেখার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আছে। তবে শিক্ষানুরাগী বিত্তবানরা তার পড়ালেখার সহযোগিতায় এগিয়ে এলে আমরা স্বাগত জানাব।
হাফেজ আব্দুর রহীম বড় হয়ে ইসলামের একজন দাঈ ও খ্যাতনামা আলেম হতে চায়। সে সকলের দোয়া চায়।
