
প্রশ্নঃ
হেফাজত নিয়ে মানুষের কৌতূহল অনেক কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কথাবলার সুযোগ কম। বুঝতেই পারছেন কেন্দ্রীয় নেতৃত্ব বলতে মুহতারাম আমির এবং মহাসচিব মিন করা হচ্ছে। হেফাজতের যুগ্ন মহাসচিব হিশেবে আপনার কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। বাংলাদেশের উলামায়ে কেরামের আগামীর স্বার্থেই প্রশ্নগুলোর জবাব সামনে আসা দরকার বলে আমরা মনে করি।
উত্তরঃ ——– কেন্দ্রীয় নেতৃত্বের সাথে কথাবলার সুযোগ অনেক। মুহতারাম আমির এবং মহাসচিব এর সাথে আপনি ইচ্ছা করলেই কথা বলতে পারেন।
আমি সাক্ষাৎকার দেয়ার ক্ষেত্রে উদার নই। তাই আমি যা বলি তা পুরোটাই ছাপাতে হবে। কাটছাট করা, শব্দের পরিবর্তন কিংবা সম্পাদনা করা যাবে না। যদি এই শর্ত রক্ষা করতে না পারেন তাহলে পুরো সাক্ষাৎকারই ছাপানো যাবে না। আপনাকে যা বলছি এর রেকর্ড আমার কাছে থাকছে।
প্রশ্নঃ ৩,
২০১৩ সালে হেফাজতে ইসলামের দেশ কাপানো— বরং বলা যায় বিশ্বকাঁপানো আন্দোলন দেখেছি আমরা। কীভাবে ব্যাখ্যা করবেন। আন্দোলন সফল নাকি ব্যর্থ? ব্যর্থ হলে ব্যর্থতার কারণ গুলো কী কী এবং দায়ী কারা? সফল হলে সাফল্যের মাপকাঠি কী এবং ফলাফল হিশেবে জাতি কী পেল? অনেকগুলো প্রাণ বিসর্জনের কথা মাথায় রেখে প্রশ্নটি এভাবেও করা যায়, কওমি প্রজন্ম কতটুকু হারিয়ে কী অর্জন করল?
উত্তরঃ——– হেফাজত শুরু থেকে আপোষহীন। হেফাজতের শক্তি ও সাহস এখনও অমলিন। কোনো মিথ্যাচার কিংবা গুজব হেফাজতে ইসলামের সাফল্যের কণা পরিমাণও ক্ষতি করতে পারে নি, পারবে না। বরং, যেসব দ্বিমুখী মানুষদের ভীতু চেহারা আজ উন্মোচিত,তাদের স্বার্থান্ধ উপস্থিতি থেকে মুক্ত হয়ে হেফাজত এগিয়ে যাবে হেফাজতের লক্ষ্যপানে। মহান আল্লাহ আমাদের সাথে।বিজয় আমাদের দ্বার প্রান্তে।
মনে রাখবেন কোন ইস্যুতে নির্দিষ্ট দু একটি প্রোগ্রামের বাহ্যিক সফলতা বা অসফলতার উপর কোন আন্দোলনের সামগ্রিক সফলতা ও ব্যর্থতা নির্ণয় করা যায় না। হেফাজতে ইসলাম বাংলাদেশের মাটিতে ইসলামের পক্ষে এবং ইসলাম দ্রোহী শক্তি বিনাশে একটি স্থায়ী ও দিনী প্লাটফরম। এই সংগঠন তার অভিস্ট লক্ষ্যে পৌছার জন্য প্রয়োজন অনুপাতে কর্মসূচী নিয়ে এগিয়ে যাচ্ছে এবং যাবে ইনশাআল্লাহ। জাগতিক সফলতা আমাদের লক্ষ্য নয় হতেও পারে না। উহুদ আর কারবালা, বালাকোট আর উলামায়ে দেওবন্দের ঐতিহাসিক আন্দোলন পড়ুন এর পর কলম কাগজ নিয়ে মূল্যায়ন করতে বসুন। উত্তর পেয়ে যাবেন। সব টুকুই তাদের অর্জন। যাকে বিসর্জন বলছেন তা ইসলামের দৃষ্টিতে মহান অর্জন। মনে রাখবেন আমরা এবং আমাদের সব কিছুই মহান আল্লাহর জন্য নিবেদিত।
প্রশ্নঃ ৪
৫ মে ২০১৩। সে রাতে কী ঘটেছে, সেটা আমরা সবাই জানি অথবা কেউ কিছু জানি না। জানতে চাই। সংক্ষেপে যদি বলেন।
উত্তরঃ ———— বাংলাদেশ জানে , জানে তাবৎ দুনিয়ার ঈমানদার মানুষ। সে দিন বিকালের পর থেকে দফায় দফায় শান্তিপ্রিয় আলেম উলামা ও শান্তিবাদী হেফাজত কর্মীদের উপর সন্ত্রাসীরা হামলে পড়ছিল, পিটিয়ে মেরে ফেলা হচ্ছিল নিরীহ আলেম ও মাদরাসা ছাত্র ও দ্বীনদার ইসলামপ্রিয় সাধারন জনতাকে – রক্তপিপাসু হায়েনাদের এসব হত্যাযজ্ঞ দেখে কেন্দ্রীয় নেতৃত্ব শঙ্কিত হয়ে পড়েছিল। তাই ২,৩,৪ মে’র সিদ্ধান্তাবলীর ভিত্তিতে এবং সর্বশেষ ৫ মে’ বাদ মাগরিব নেতৃবৃন্দের আলোচনা এবং আমীরে মুহতারাম শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী দা.বা. এর চূড়ান্ত ও অবিচল নির্দেশে শাপলা চত্বরেই শান্তিপূর্ণ অবস্থানের সিদ্ধান্ত নেয়া হয় সর্বসম্মত সিদ্ধান্তে। অবস্থানের ঘোষণা প্রদান করেন হেফাজতমহাসচিব আল্লামা জুনায়েদ বাবূনগরী।
৫মে শাপলা চত্বরের ট্রাজেডি ছিলো ঈমানদার জনতার শান্তিপূর্ণ জাগরণকে স্তব্ধ করে দেয়ার নৃশংস পদক্ষেপ, পরিকল্পিত ধ্বংসযঞ্জ। সে দিনের নিহতরা শহীদের মর্যাদায় মহিমান্বিত হয়ে থাকবেন। ইতিহাস সাক্ষী, এমন রক্তসাগর নজরানা দিয়েই ইসলাম তার সুমহান অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।
প্রশ্নঃ ৫
হেফাজতের নেতৃত্বে থাকা কিছু নেতৃবৃন্দের রাজনৈতিক স্বার্থের বলী হতে হয়েছিল ৫ মে’র হতাহতগণকে, এমন অভিযোগ আছে । হয়ত বলবেন, তেমন কিছুই হয়নি। সবাই আহমদ শফীর নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন। কিন্তু এমন জবাব কেনো জানি এই প্রজন্ম বিশ্বাস করতে পারে না। কী বলবেন?
উত্তরঃ ————প্রশ্ন করছেন আবার উত্তরও দিয়ে দিচ্ছেন ? বাদী ও আপনি, হাকীমও আপনি,? তাহলে প্রশ্ন কেন ? যখন সবই জানেন তবে আপনি যা জানেন তা লিখে দিলেই হয়। আর বিশ্বাসই যদি করতে না পারেন তবে উত্তর নিয়ে কি করবেন ? তারপরও বলছি,
নেতৃবৃন্দের রাজনৈতিক স্বার্থে সিদ্ধান্তের কথা যারা বলেন তারা ঈর্ষাকাতর হয়েই করেন। শাহাদাতবরণকারীদের কোন ভাবেই স্বার্থের বলি হিসেবে আখায়্যিত করা সমীচীন নয়। কিছু মানুষের মিথ্যাচার দেখে আজ হৃদয়ে গভীর হাহাকার জেগে উঠে,কি সেলুকাস! কি বিচিত্র আমাদের সমাজ! আল্লাহ ও তার রাসূলের ভালোবাসায় উজ্জীবিত হয়ে যারা রক্ত দিল শাপলা চত্বরে- সেইসব বীরদের স্মৃতির প্রতি এ কেমন অবিচার! তাদের আত্মত্যাগের কথা বেমালুম ভুলে গিয়ে আজ কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছেন পরস্পরের নামে। তবে কি কিছু লোক কুৎসা রটিয়ে হেফাজতকে কলঙ্কিত করে আক্রমণকারীদের নির্মমতাকে আড়াল করে দিতে চায়! দেশবাসীর সজাগ দৃষ্টিকে তারা কোনদিকে ঘুরিয়ে দিতে চায়! এভাবেই কি ইতিহাস মোছা যায়!
আবারও সবিনয়ে মনে করিয়ে দিতে চাই, ৫ই মে রাতের অবস্থানএবং এর পূর্ববর্তী সিদ্ধান্তগুলো ছিলো সর্বসম্মত। কারো পক্ষে একক ভাবে সিদ্ধান্ত নেয়া সম্ভব ছিল না, সম্ভব হয়ও না। যারা এমনটি মনে করে তারা অন্য জগতের ভিন্ন চিন্তা চেতনার মানুষ। রাজপথের আন্দোলন,সংগ্রাম, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন সম্পর্কে তাদের কোন পরিচয় নেই। আর যারা আল্লামা শাহ আহমদ শফী দা.বা. এবং আল্লামা বাবুনগরীকে নিজেরা সিদ্ধান্ত নিতে অক্ষম প্রমাণিত করতে চাইছেন, তাদের মানসিকতার চিকিৎসা হওয়া দরকার। তারপরও যদি কারো সন্দেহ থাকে,তবে হাটহাজরিতে গৃহীত সিদ্ধান্ত, বারিধারায় নীতি নির্ধারণী কমিটির বৈঠকে গৃহীত প্রস্তাব জেনে নিতে পারেন অথবা দেখতে পারেন সেদিনের সই-স্বাক্ষর এবং সম্মিলিত সিদ্ধান্তুগুলো- অথবা চলে যেতে পারেন হাটহাজারীতে- সরাসরি জিজ্ঞেস করে আসুন আমাদের মুহতারাম আমীরকে বা মহাসচিবকে- এ সত্য চ্যালেঞ্জ আমাদের সব সময়ের। সত্যের মুখোমুখি দাড়িয়ে হক কথা উচ্চারন করতে আমাদের কোন দূর্বলতা দ্বিধা সংকোচ অতীতেও ছিল না, এখনো নেই, কোনদিন থাকবে না।
আরও স্পষ্ট করে বলি,যারা বলছেন, হেফাজতের ভুল সিদ্ধান্তে এতগুলো মানুষের প্রাণহানী ঘটেছে- তাদের কাছে সবিনয় জানতে চাই, এক পক্ষকে দোষী বললে অপর পক্ষকে নির্দোষ বলতে হয়, তবে কি আপনারা হেফাজতকে ভুল বলে আক্রমণকারীদের ধোয়া তুলসীপাতা প্রমাণ করতে চাচ্ছেন? সব দোষ সিদ্ধান্ত গ্রহণ কারীদের কাঁধে, আর এতে আক্রমণকারীদের মোটেও দায় নেই- এটাই কি আপনাদের অভিপ্রায়? আক্রমণকারীদের নির্দোষ,মা’সুম প্রমাণের জন্য তাদের নির্দেশনায়, প্রযোজনায়, পরিকল্পনায় এবং পরিবেশনায় কি আপনাদের এই জঘন্য মিথ্যাচার? নাকি ইসলামী জনতাকে নিয়ে গড়ে উঠা ইসলামী জাগরণকে ফুঁৎকারে নিভিয়ে দেয়ার মহা পরিকল্পনারই অংশ বিশেষ? নাকি সাময়িক বিজয়ীদের প্রশংসা এবং ক্ষনিকের পরাজিতের বিচারের চিরাচরিত পন্থা আঁকড়ে থাকার অপপ্রয়াস?
প্রশ্নঃ ৬
সম্প্রতি এক বক্তব্যে হেফাজত নেতা মাওলানা মুফতি ওয়াক্কাস বলেছেন, ‘হেফাজতের ভরাডুবির ক্ষেত্রে কিছু আলেমের রাজনৈতিক লোভ এবং অদূরদর্শিতাই দায়ী’। কী বলবেন? তিনি ‘কিছু আলেম’ বলতে কাদের মিন কররে থাকতে পারেন? তার কথার সাথে আপনি কতটা সহমত জানাতে রাজি হবেন?
উত্তরঃ ———— প্রতিটি রক্তাক্ত ঘটনার পর ইসলাম তার প্রাণযৌবন ফিরে পায়। ঈমান ও নাস্তিকতার এমন অজস্র সংগ্রাম ও শাহাদাতের কতো গৌরবময় ঘটনা আমরা দেখেছি ইতিহাসের সুদীর্ঘ পথপরিক্রমায়। তারপও কেও যদি কিছু বলে থাকেন সে ব্যাপারে তাঁর সাথে কথা বলাই উচিৎ।
প্রশ্নঃ ৭
যে ব্যাখ্যা দেয়া হোক আর যেভাবেই দেয়া হোক, হেফাজতের আন্দোলনকে আমরা সফল ভাবতে পারছি না। আমরা যখন অংকের খাতা নিয়ে বসি, লাভেরচে’ ক্ষতির পরিমাণটাই বড় হয়ে সামনে ভাসে। আমরা মনেকরি, দু’হাজার তেরো’র হেফাজত বাংলাদেশের উলামায়ে কেরামকে আকাশের উচ্চতায় নিয়ে যাওয়ার মত অবস্থানে ছিল, কিন্তু হয়েছে পুরাই বিপরীত। এখন দু’হাজার আটারো। পাঁচ বছর গত হয়েছে শাপলা ট্র্যাজেডির। সেই হেফাজত আর এই হেফাজত, মূল্যায়ন করতে বললে কীভাবে করতে চাইবেন? হেফাজত কী দিল আর কী কী কেড়ে নিল?
উত্তরঃ ———— আমি আপনি কি মূল্যায়ন করলাম, একটি বিশাল আন্দোলনের গতি প্রকৃতির সাথে এর কোন সম্পর্ক নেই। ২০১৩সালের পর ঘাত প্রতিঘাতে হেফাজতের অবস্থান ও চিন্তার জায়গা গুলো আরও সংহত হয়েছে। এর পরও কেও কেও হেফাজতকে ব্যর্থ, পরাজিত ভাবতে পারে । সেটা তার নিজস্ব দৃষ্টিভঙ্গি। মনে রাখতে হবে আমাদের চূড়ান্ত সফগলতা ও ব্যর্থতা আখিরাত কেন্দ্রিক। আমি মনে করি হেফাজতের আন্দোলন শতভাগ সফল। তবে সব সব সফলতা সব সময় দৃশ্যমান হয় না, হতে পারে না। দৃষ্টিভঙ্গির তারতম্যের কারনে ভিন্নজনের মূল্যায়নেও ভিন্নতা আসতেই পারে।
আমি মনে করি, যারা নবীজীবনী ও তার আদর্শ থেকে অজ্ঞ, তারাই হেফাজত নিয়ে শঙ্কিত, অস্থির আতঙ্কিত, গুজবে ভীত এবং সংশয়ে পরাজিত। হেফাজতে ইসলাম আছে, থাকবে চিরকাল। নাস্তিকতার দোসররা হারিয়ে যাবে কালের অন্ধকারে, বাম-রামদের উৎপাত হারিয়ে যাবে আমাদের ঈমানী ঘূর্ণিঝড়ে।
প্রশ্নঃ ৮
৫মে ২০১৩, সেই কালোরাতে আহত নিহত’র কোনো তালিকা আপনারা এখনো প্রকাশ করেননি। তারচে’ও বড় কথা, সেই গরজই দেখা যায়নি কেন্দ্রীয় হেফাজতের নেতৃত্বে। কীভাবে ব্যাখ্যা করবেন। যদি বলেন পরিসংখ্যান নেই আপনাদের কাছে, তাহলে সেটা নিশ্চ’ই দায়িত্বশীল জবাব হয় না। যদি বলেন আছে, তাহলে প্রকাশ করেননি কেনো? কারো ভয়ে নাকি বিশেষ কোনো মুসলিহতে?
উত্তরঃ ————প্রকাশ করাটাই কি শেষ কথা? এটাই কি চূড়ান্ত লক্ষ্য? সব কিছুই কি আপনাকে/সবাইকে দেখতে হবে ? দেখাতে হবে? স্বাধীনতা যুদ্ধে কত জন শাহাদত বরণ করেছেন এবং তাদের নাম ঠিকানা কি আপনি বা কেও জানেন ? সব জায়গায় তির্যক মন্তব্য এবং সব বিষয়ে মন্তব্য জুড়ে দেয়া কি সমীচীন? যে সকল ভাগ্যবান শাহাদাত বরন করেছেন, তাদের সংখ্যা, নামের তালিকা সামনে আনলেই কি ভিন্ন কোন সার্থকতা টেনে আনতে পারবে?
প্রশ্নঃ ৯
শত শত ছেলে জখমি হল, পঙ্গু হল। হেফাজত তাদের চিকিৎসার দায়িত্ব নেয়নি। নেয়ার সুযোগ ছিল। দেশ বিদেশ থেকে মানুষ প্রচুর টাকা দিয়েছে। লাগলে আরো দিত। তাহলে কেনো এই ছিল এই দায়হীনতা?
আল্লাহর ওয়াস্তে এবং দয়াকরে বলবেন না , হেফাজতের পক্ষ থেকে সাধ্যমত অথবা পর্যাপ্ত সহায়তা করা হয়েছে বা খোঁজ খবর নেয়া হয়েছে। কারণ, আপনারা যদি পাঁচটি ছেলের নাম সামনে এনে বলেন, দেখুন, এদেরকে হেফাজত পূর্ণ সহায়তা দিয়েছে, তাহলে আল্লাহর কসম, আমরা পঞ্চাশটি ছেলের নাম সামনে নিয়ে আসব, যাদেরকে একটি পয়সাও দেয়া হয়নি। এমনকি খুঁজই নেয়া হয়নি তাদের। আই’ম সো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ।
উত্তরঃ ———— বুকের ভেতরে লাল নীল কষ্টগুলোর যন্ত্রণা গভীর। আমি একা নই, লাল নীল কষ্টে ভাসছে বাংলাদেশ। হাহাকার করছে সব মানবিক মন।তারপরও বলছি, উহুদ আর কারবালার ঐতিহাসিক হৃদয় বিদারক ঘটনা স্মরণ রাখুন। মনে করে দেখুন আমাদের আসলাফ আর আকাবিরে রহ. গনের ত্যাগ কুরবানীর ঘটনা সমূহ। ঈমানী আন্দোলনের মূল লক্ষ্য মহান আল্লাহর সন্তুষ্টি। তাকে পাওয়াই হচ্ছে সব চেয়ে বড় প্রাপ্তি। তাকে হারানোই হচ্ছে সব কিছু হারানো। জাগতিক চিন্তার মানুষের মতো চেতনা নিয়ে যারা কাজ করে তাদেরই বিভিন্ন কল্পনাপ্রসূত চিন্তা আসতে পারে। তা ছাড়া হেফাজত সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। এই ক্ষেত্রে মুহতারাম আমীরে হেফাজত ও মহাসচিব দায়িত্ব ভাগ করে দিয়ে কাজ করছেন। আপনি ইচ্ছা করলে তাঁদের সাথে কথা বলতে পারেন।
প্রশ্নঃ ১০
হেফাজতের নেতাকর্মীদের উপর মামলাগুলো কিন্তু এখনো রয়ে গেছে। সাফার করছে হাজার হাজার নিরীহ কওমি ছেলে। এখন তো হেফাজতের সাথে সরকারের সুসম্পর্ক । হেফাজত কি মামলাগুলো শেষ করার ব্যাপারে কোনো উদ্যোগ নিতে পারতো না? জানি আপনি নিজেও অনেকগুলো মামলার আসামী। কিন্তু আপনাদের ব্যাপার এবং গ্রামের অসহায় দরিদ্র এক পিতা, যে তার ছেলেকে খেয়ে না খেয়ে মাদরাসায় পড়াচ্ছে, উভয়ের প্রেক্ষাপট কিন্তু সমান না। আপনি বা আপনারা যারা জাতীয় পর্যায়ে ইসলামী নেতৃত্ব দিয়ে থাকেন, আপনারা এসব মামলা-টামলা ম্যানেজ করেই রাজধানীতে বুক ফুলিয়ে চলাফেরা করতে পারেন। কিন্তু ওরা কী করবে?
উত্তরঃ ———— আমরা মুসলমান। তাওহীদের বিশ্বাস নিয়ে জেগে থাকার চেষ্টা করি। কুরআন সুন্নাহর পথে চলার চেষ্টা করি। দৃঢ়তার সাথে বিশ্বাস করি , মুক্তি ও অগ্রগতির একমাত্র পথ ইসলাম। শান্তি ও সমৃদ্ধি অর্জনের একমাত্র পথ ইসলাম। তাওহীদ ও রিসালাতের আদর্শই মুসলিম মিল্লাতকে উজ্জলতর জীবনের নিশ্চয়তা দিতে পারে। জীবনের আদর্শ ও দায়িত্ব মনে করে এই সত্য আমি বুক চিতিয়ে,সাহসিকতার সাথে উচ্চারণ করেই যাবো। এই ক্ষেত্রে আমার কণ্ঠ হবে উচ্চকিত,নির্বিঘ্ন ও উদাত্ত। ভয়ে সন্ত্রস্ত নয়। আমি মনে করি, প্রতিটি ইসলামী নেতা কর্মীর মনের একই অবস্থা। কিছু ব্যতিক্রম ছাড়া তারা সবাই একই চিন্তার মানুষ। সেই সাথে মনে রাখবেন, এত বিশাল একটি আন্দোলনের সাথে সম্পৃক্ত যে কাউকে যে কোন পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়। নেতা হোক কিংবা কর্মী। সম্পৃক্ততার তারতম্যের কারণে পরিস্থিতির জটিলতাও কম বেশী হতে পারে।
আমার জানামতে হেফাজতের আন্দোলনের কারণে হয়রানিমূলক মিথ্যা মামলার শিকার সবাইকে সহযোগিতা করার জন্য হেফাজতে ইসলাম সাধ্যমত চেষ্টা করে যাচ্ছে। এখানে সুসম্পর্ক আর কুসম্পর্কের প্রশ্ন অবান্তর। মনের আবেগ দিয়ে সব কিছুর ফায়সালা করে ফেলতে চাওয়া কি বিবেচকের কাজ? মনের মাধুরী মিশিয়ে প্রশ্ন করা যায় কাজ করা দুস্কর।
প্রশ্নঃ ১১
অভিযোগ রয়েছে, হেফাজতের নীতি নির্ধারণী বা গুরুত্বপূর্ণ কোন কর্মসূচীর বিষয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় কমিটির সদস্যদের খোলামেলা মতামত নেওয়া হত না বা হয় না, এবং বৈঠকে শীর্ষ নেতৃত্বের বিরাগভাজনদের ডাকা হয় না। কথাটা কতটুকু সত্য?
উত্তরঃ ———— হেফাজতের সব কিছুই স্পষ্ট ও পরিস্কার। নীতি নির্ধারণী যে কোন বিষয়ে খোলামেলা আলোচনা পর্যালোচনার মাধ্যমে যে কোন সিদ্ধান্ত গৃহীত হয়। ইসলামী নীতির অনুসরণ হয় সব ক্ষেত্রে। এখানে বিরাগভাজন বা আস্থাভাজন বলে বিভাজন তৈরি করা খুবই দুঃখজনক।
প্রশ্নঃ ১২
অভিযোগ আছে কেন্দ্রীয় কমিটির সদস্যদের পরামর্শের মাধ্যমে গৃহিত সিদ্ধন্ত আমিরের কাছে উপস্থাপন করলে তিনি কোন ব্যাখ্যা না দিয়েই হ্যাঁ অথবা না বলে অনুমোদন বা বাতিল করে দেন। গৃহিত সিদ্ধান্ত বা কর্মসূচী পরবর্তীতে কোনো বৈঠক ছাড়াই আমিরের কার্যালয় থেকে বাতিল করে দেওয়া হয়। জানতে চাই হেফাজতের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আসলেই কি কমিটির সদস্যদের মতামতের বাস্তবিক তোয়াক্কা করা হয় না, অথবা কোন নিয়ম-নীতি অনুসরণ করা হয় না?
উত্তরঃ ———— ঘুরিয়ে ফিরিয়ে একই কথার পুনরাবৃত্তি বারবার করা হচ্ছে। মনে রাখবেন, নিয়ম নীতি অনুসরণ ছাড়া কোণ সংগঠন চলতে পারে না। হেফাজতের মত একটি বড় সংগঠনের তো প্রশ্নই উঠে না। হেফাজতে ইসলাম ইসলামী নীতির অনুসরণ করে সব ক্ষেত্রে। দায়িত্বশীল সকলের সাথে আলোচনা ও পরামর্শের মাধ্যমেই হেফাজতের কর্মতৎপরতা পরিচালিত হয়, এতটুকুই আমি জানি।
প্রশ্নঃ ১৩
যেহেতু আমিরে হেফাজত বাংলাদেশের শীর্ষ আলেম। বাস্তবতার ভিত্তিতে আমরা জানি, আমিরে এককভাবে কোনো পরামর্শ ছাড়াই সিদ্ধান্ত দিতে ও বাতিল করতে পারেন। এই প্রেক্ষাপটে আরেকটা অভিযোগ শোনা যায় এমন, আমীর মহোদয় বার্ধক্যের কারণে তাঁর কনিষ্ঠপুত্র আনাস মাদানী নির্ভর হয়ে পড়েছেন। যে কারণে কোনটা আমিরের বক্তব্য আর কোনটা আমিরপুত্রের, সেটা সম্বন্ধে আপনারা নিশ্চিত হন কীভাবে?
উত্তরঃ ———— মন গড়া প্রশ্ন যে কেউ করতে পারে। বাস্তবতা হচ্ছে আমীরে হেফাজতের দ্বার যে কারো জন্য অবারিত। আমীরে হেফাজত আল্লাহ ছাড়া কারো উপর নির্ভরশীল নন। তাঁর উপর অন্য কারো সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার কোন সুযোগ নেই। আল্লামা শাহ আহমদ শফী দা.বা. সিদ্ধান্ত নিতে অক্ষম প্রমাণ করতেই নিন্দুকেরা মাওলানা আনাস মাদানী কেন্দ্রিক এই ধরনের আজগুবি কথা বলে।
প্রশ্নঃ ১৪
দু’হাজার তেরোর জুন থেকে হেফাজতকে আমরা একটি প্যাডসর্বস্ব দলের মতই দেখে আসছি। জানতে চাই হেফাজত এখন কোথায় এবং কেমন আছে? আল্লাহর ওয়াস্তে ফরম্যাল কথা না বলে যদি রিয়েল কথাগুলো বলেন। জাতি আপনাদের কাছ থেকে বাস্তবতার প্রতিধ্বনি চায়, রাজনৈতিক বক্তব্য নয়।
উত্তরঃ ————হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি ঈমানী আন্দোলন। ঈমানী জাগরণ। এর সাথে অসংখ্য ঈমানদার উতপ্রোতভাবে জড়িত। হেফাজত নিজস্ব কৌশলে কাজ করে। ঈমানদার জনতার এই আন্দোলনকে নতুন করে প্রমাণ করার কোন প্রয়োজন নেই। আর বিশ্ববাসী দেখছে হেফাজত কি অবস্থায় আছে।
.
প্রশ্নঃ ১৫
বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা মোটামুটি নিশ্চিতভাবেই জানি, হেফাজত এখন দুই বলয়ে বহমান। এক বলয় হচ্ছে হাটহাজারি কেন্দ্রিক, অন্যটি ঢাকাকেদ্রিক। প্রশ্নটি আরো সুনির্দিষ্টভাবে এবং নেতৃত্বের নাম উল্লেখ করেই করা যেত। কী বলবেন? জাতি কোন হেফাজতে আস্থা রাখবে?
উত্তরঃ ———— হেফাজত শায়খুল ইসলাম, আল্লামা শাহ আহমদ শফী দা.বা. নেতৃত্বে পরিচালিত এক মুখী সংগঠন এবং তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ। হেফাজত কেন্দ্রীয়ভাবে হাটহাজারী থেক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। ঢাকা বা কোন শাখা কেন্দ্রিক হেফাজত পরিচালিত হওয়ার সুযোগ নেই। কেউ তা মনে করলে তা হবে আত্মঘাতী।
প্রশ্নঃ ১৬
সামনে জাতীয় নির্বাচন। সরকার চাইবে ধর্মপ্রাণ মানুষের সহানুভূতি এবং ভোট। এই সুযোগকে কাজে লাগিয়ে হেফাজত কি সরকার থেকে শহীদ পরিবারকে সহায়তা বা ক্ষতিপূরণ আদায় করে দেয়ার একটা উদ্যোগ নিতে পারতো না?
উত্তরঃ ———— হেফাজত সাংগঠনিক ভাবে তাদের জন্য কিছু করার প্রয়োজনীয়তা সব সময় উপলব্ধি করে। সরকার বা অন্য কারো থেকে সহায়তা আদায় করার চিন্তাটাই আপেক্ষিক। তাদের এই আত্মত্যাগের কি কোন ক্ষতিপূরণ হতে পারে? সরকার থেকে শহীদ পরিবারকে সহায়তা বা ক্ষতিপূরণ আদায় করে দেয়ার উদ্যোগ কি মানানসই ?
প্রশ্নঃ ১৭
নির্বাচন প্রসঙ্গ যখন সামনেই চলে আসলো, তাহলে এ সংক্রান্ত ধোয়াটেপনাও একটু খোলাসা হয়ে যাওয়া ভাল। আমরা জানি আর আপনারাও বলেন, হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। কিন্তু প্রায়ই আমরা হেফাজতকে জড়িয়ে নির্বাচনি দর কষাকষির নিউজ পাই। এসবের ভিত্তি কী?
উত্তরঃ ———— হেফাজত একটি ঈমানী, ইসলাহী অরাজনৈতিক সংগঠন। নির্বাচন কিংবা ক্ষমতা কেন্দ্রিক কোন উচ্চাভিলাষ হেফাজতের নেই। নিউজ যা পান তা পুরোটাই অসৎ উদ্দেশ্যে প্রণোদিত, মিথ্যা, ভিত্তিহীন। .
প্রশ্নঃ ১৮
আপনারা যারা রাজনৈতিক আলেম, অর্থাৎ যারা বিভিন্ন জাতীয় রাজনীতিতে আছেন, তাদের কেউ যদি নির্বাচনি সুবিধা আদায়ের জন্য হেফাজতের নাম ব্যবহার করেন বা করতে চান, সেটা কি হেফাজতের অরাজনৈতিক ইমেজের মিসইউজ নয়?
উত্তরঃ ———— একজন ব্যক্তির একাধিক পরিচয় থাকতেই পারে। ভিন্ন ভিন্ন প্লাট ফরমে তার কর্মপরিধি ভিন্ন। কিন্তু হেফাজতের প্লাটফরম থেকে যখন কোন রাজনৈতিক ব্যক্তি কথা বলেন, তখন তার রাজনীতি প্রকাশের সুযোগ নেই। নির্বাচনি সুবিধা আদায়ের জন্য হেফাজতের নাম ব্যবহার করার অধিকার কারো নেই। কেও যদি করে তবে তা সম্পূর্ণ তার নিজস্ব ব্যাপার।
প্রশ্নঃ ১৯
প্রশ্নের ধরণ একটু এটাকিং হয়ে গিয়েছিল। বুঝতে পারছিলাম। তবুও উত্তেজিত না হয়ে ঠাণ্ডা মাথায় জবাব দিয়েছেন, এ জন্য বিশেষ কৃতজ্ঞতা। ভাষাগতভাবে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাই।
উত্তরঃ ———— ধন্যাবাদ।
প্রশ্নঃ ২০
দেশবাসীর উদ্দেশ্যে কী বলতে চাইবেন?
উত্তরঃ ———— মুমিন জীবন মানে আগাগোড়াই প্রতিকূলতার বিরুদ্ধে অবিরাম সংগ্রাম। কোন ক্ষেত্রেই মুমিনের যাত্রা পথ মসৃণ ও অবাধ নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রেই মুমিনকে একের পর এক লড়াই চালিয়ে যেতে হয়। নিরন্তর লড়াই। সে লড়াই কখনও হয়ে ওঠে ঘোরতর। আসুন ঈমান সতেজ, শক্তিশালী, মজবুত ও নবায়ন করি। বাস্তবিক অর্থে মুমিন হয়ে উঠি।
.
প্রশ্নঃ ২১
ব্যস্ততার মধ্যেও সময় দেয়া এবং কথা বলার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
উত্তরঃ ————আপনাকেও ধন্যবাদ।
