হিজাবের জন্য সংগ্রাম, তুরস্কের নারীদের অন্যরকম লড়াই

আহনাফ তাহমীদ সাদ ঃ 

হিজাব। অন্যান্য পোশাকের মতই সাধারণ এক পোশাক। হিজাব কি কখনো কোন রাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠতে পারে, তাও কোন মুসলিম প্রধান রাষ্ট্রে? হ্যা, এমন হৃদয় বিদারক ঘটনাই ঘটেছে আধুনিক তুরস্কে, হিজাবকে রাষ্ট্রের হুমকি হিসেবে আখ্যা দিয়ে নিষিদ্ধ করা হয় সেখানে। এই আইন বাতিলের জন্য তুরস্কের নারীদের নামতে হয় এক অন্যরকম লড়াইয়ে।

আধুনিক তুরস্কের পত্তন হয় কামাল আতাতুরকের হাত ধরে ১৯২৩ খ্রিষ্টাব্দে। তিনি সেকুলার ও পশ্চিমামনা হিসেবে পরিচিত হলেও পশ্চিমা সংস্কৃতি প্রসারের অংশ হিসেবে হিজাব নিষিদ্ধ করার মত সুযোগ কিংবা সাহস কোনটাই তিনি তৈরি করতে পারেন নি ৯০ শতাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ তুরস্কে।

তবে ১৯৮০ এর সামরিক অভ্যুত্থানের  পর সেকুলারিজম রক্ষার সাংবিধানিক ক্ষমতাপ্রাপ্ত তুরস্কের সেনাবাহিনীই  সর্বপ্রথম হিজাব নিষিদ্ধ করে এবং ১৯৯৭ সালে এই আইনে আরও কঠোরতা আনে।এর অংশ হিসেবে  স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল  গণ পরিসর ও প্রতিষ্ঠানে এই আইন জারি থাকে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে।

এই সময়কালে হিজাবকে দেশের সংবিধানের প্রতি “হুমকি” হিসেবে গণ্য করা হয়। পাঠাগার, বিশ্ববিদ্যালয়, স্কুলসহ যেকোন গণ পরিসরে  নারীদের হিজাব খুলে প্রবেশ করতে বাধ্য করা হয়। এরই অংশ হিসেবে ২ মে, ১৯৯৯ তারিখে মারভে কাভাকচি নামক এক নারী সাংসদকে হিজাব পরার অভিযোগে সংসদ থেকে বের করে দেয়া হয় এবং শপথ গ্রহণে বাধাগ্রস্থ করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বুলেন্ত ওসোভিতের ভাষ্যে “এই সংসদ দেশের সংবিধান কে চ্যালেঞ্জ জানানোর জন্য নয়”।

এভাবে সংবিধান রক্ষার নামে নাগরিক অধিকার খর্ব  হতে থাকে। নারীরা হতে থাকেন নিগৃহীত, নিপীড়িত। জেলবন্দী হন কয়েক শত অধিকার রক্ষার কান্ডারী। সরকার “পারসুয়েশন সেল” নামে বিশেষ এক সেল গঠন করে শুধুমাত্র হিজাব খোলানোর কাজে নিয়োজিত রাখার জন্য। তবে নিপীড়িতরাও থেমে থাকেন নি। যাদের সামর্থ্য ছিল তারা দেশের বাহিরে চলে যান পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্য, আর যাদের ছিল না, তারা পরতেন ক্যাপ।

তারপর  বর্তমান ক্ষমতাশীন একে পার্টির নির্বাচন পূর্ব ম্যান্ডেটে হিজাব নিষিদ্ধ আইন বাতিলের  প্রতিশ্রুতি স্থান পায়। ক্ষমতায় আসার পর এ নিয়ে কাজ শুরু করেন ঐক্যবদ্ধ তুরস্কের কান্ডারী হিসেবে পরিচিত রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুরুতে শক্তিশালী বিরোধীতার মুখে পতিত হলেও ‘যারা হিজাব পরছেন এবং যারা পরছেন না, উভয়েই মানুষ। মানুষ হিসেবে একজন নাগরিকের যেমন হিজাব না পরার  অধিকার রয়েছে, তেমনি হিজাবসহ অন্য যে কোন পোশাক পরার অধিকার আছে।’ এরকম কিছু চমৎকার  যুক্তির মাধ্যমে সেই সেকুলার সংসদেই তিনি হিজাবের পক্ষে জয় লাভ করতে সমর্থ হন।

২০১০ এ প্রথম বিশ্ববিদ্যালয় সমূহে হিজাবের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়, ২০১৩ তে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এবং সবশেষে ২০১৪ তে সব স্কুল থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। জয় হয় নাগরিক অধিকারের। জয় হয় মানবতার।

এভাবেই যুগে যুগে সত্য জয় লাভ করে। আমাদের দায়িত্ব শুধু অপেক্ষা ও চেষ্টা করা। আমাদের চেষ্টা  অব্যাহত থাকলে এরদোয়ানের মত নেতা অবশ্যই আসবেন। ক্লান্ত ও হতাশ হওয়া যাবেনা। চেষ্টা  চালাতে হবে, যাতে দিনশেষে যেন মারভে কাভাকচিদের মত আমরাও বলিষ্ঠ কন্ঠে বলতে পারি,” আমি  শপথ করছি আমার সম্মান ও সম্ভ্রমের”।

আগের সংবাদনির্বাচনে যেতে বিএনপির তিন শর্ত
পরবর্তি সংবাদভারত নিরাপদ নয় নারীদের জন্য