
ফাতেহ ডেস্ক: সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিবে রাসায়নিক হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। বেপরোয়া হামলা হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন।
ইদলিব অভিযানে মানবিক বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘও। এদিকে, প্রদেশটিকে পুরোপুরি বিদ্রোহীমুক্ত করার প্রয়োজন বলে মন্তব্য প্রেসিডেন্ট আসাদের মিত্র ইরানের।
সিরিয়ায় কোনঠাসা বিদ্রোহীদের শেষ আশ্রয় তুরস্ক সীমান্তের প্রদেশ ইদলিব। বিদ্রোহীদের পাশাপাশি প্রায় ৩০ লাখ বেসামরিক মানুষের বাস এখানে।
বিদ্রোহী অধ্যুষিত ইদলিবে এবার শক্ত অভিযানে নামার ইঙ্গিত দিয়েছে আসাদ সরকার ও তার মিত্ররা। মস্কো সফর থেকে ফেরা সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সোমবার বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। জানান, বিদ্রোহী দমনে ইদলিবে সাঁড়াশি অভিযানে যাবে সরকারি বাহিনী।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, বিদ্রোহী ও সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে জয় পাচ্ছে সিরিয়ার গণতান্ত্রিক সরকার।
দেশটিতে স্থিতিশীলতা ফেরাতে এ ধারা অব্যহত রাখতে হবে। আগামী শুক্রবার আমরা সিরিয়া সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবো। পুরোপুরি বিদ্রোহীমুক্ত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার পক্ষে আমরা।
এদিকে, ইদলিবে রাসায়নিক হামলার আশংকা করছে যুক্তরাষ্ট্র। টুইটে সোমবার মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ভয়াবহ হামলা চালিয়ে মানবিক বিপর্যয় নেমে আসলে চুপ থাকবে না ওয়াশিংটন। লাখো বেসামরিক হতাহতের শঙ্কায় উদ্বিগ্ন জাতিসংঘও।
২০১১ সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে পশ্চিমাদের সমর্থন পাচ্ছে বিদ্রোহীরা। আর শুরুতে বিপর্যস্ত আসাদ সরকারের পাশে দাঁড়ায় ভ্লাদিমির পুতিনের রাশিয়া ও হাসান রুহানির ইরান।
