মাওলানা তারিক জামিল বয়ান করবেন এবারের ইজতেমায়?

মুসান্না মেহবুব

বেশ কয়েক বছর হলো ইজতেমা ময়দানে বয়ান করেন না তাবলিগের বিশিষ্ট মুরব্বি ও বিশ্বখ্যাত দাঈ মাওলানা তারিক জামিল। ঠিক কেন বয়ান করেন না, প্রথমে অস্পষ্ট থাকলেও সাদ সাহেবকে নিয়ে বিবাদ আলোচনায় আসার পর তা ধীরে ধীরে অনেকটা স্পষ্ট হয়ে যায় সবার কাছে। এ ব্যাপারে দুই পক্ষের কেউই স্পষ্ট করে এখন পর্যন্ত কিছু না বললেও ধারণা করা হয় মূলত নিজামুদ্দিনের অনিচ্ছায়ই তারিক জামিল সাহেব এতদিন বিশ্ব ইজতেমার বয়ানের মিম্বরে উঠতে পারতেন না।

এবারের ইজতেমা যেহেতু দু’পক্ষের পৃথক নেতৃত্বে আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হচ্ছে তাই তারিক জামিল সাহেবের ভক্তকুলের মধ্যে একটা আশা জেগেছে, আলেমদের নেতৃত্বের দুদিনে হয়তো তারিক জামিল সাহেব মিম্বরে উঠতে পারেন।

ফাতেহ টোয়েন্টি ফোর থেকে এ ব্যাপারে খোঁজ নিতে গেলে আলেমপন্থী তাবলিগিদের বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, শুরাপন্থী তাবলিগিদের বৈশ্বিক সকল মুরব্বিকেই ইজতেমার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এবং তাঁদের সবার উপস্থিতি নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। সেই ধারাবাহিকতায় মাওলানা তারিক জামিলকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

কিন্তু মাওলানা তারিক জামিলসহ বিশ্ব তাবলিগের শুরাপন্থী মুরব্বিরা এখন বিশ্বের বিভিন্ন দেশে সফরে ব্যস্ত। কারণ বাংলাদেশে এবার বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের ব্যাপারটা অনিশ্চিত হওয়ায় বিশ্বের নানা দেশে দৈশিক আয়োজনে তাবলিগের ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এবং তা এই ফেব্রুয়ারিতেই। ফলে ওই ইজতেমাগুলোতে তাঁদের অংশগ্রহণের শিডিউল গতমাসেই কনফার্ম করে ফেলেন। অনেকে সফরের জন্য ভিসা-পাসপোর্ট-টিকিটও রেডি করে ফেলেন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারিত হবার পূর্বেই। যার কারণে বাংলাদেশের ইজতেমায় অংশগ্রহণ বেশ ঝামেলাপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

তারপরও এসব সমস্যা নিরসন করে মাওলানা তারিক জামিলসহ তাঁদের উপস্থিতি নিশ্চিত করতে বাংলাদেশের শুরাপন্থী তাবলিগিরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছে তাবলিগের ওই সূত্র।

সূত্রটি আরও জানিয়েছে, আমরা এখন পর্যন্ত আশাবাদী, মাওলানা তারিক জামিল ইজতেমায় অংশগ্রহণ করবেন। তিনি যদি অংশগ্রহণ করেন, তবে অবশ্যই এবার বয়ান করবেন। তাঁর বয়ানের ব্যাপারে এবার আর কোনো বাধা থাকবে না।

আগের সংবাদলক্ষ্মীপুরে শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনে গৃহবধু নিহত
পরবর্তি সংবাদইজতেমায় আখেরি মোনাজাত কে করবেন?