
বিশেষ প্রতিবেদক
শুরু হয়েছে সাদপন্থীদের ইজতেমা। গতকাল আলেমদের তত্ত্বাবধানে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমা সমাপ্ত হবার পর আজ রোববার বাদ ফজর সাদপন্থী মুরব্বি ভারতের মাওলানা ইকবাল হাফিজের আমবয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে সাদ-অনুসারীদের পরিচালনায় ইজতেমার ২য় পর্ব।
শনিবার মধ্যরাতের আগেই আলমি শুরার অনুসারীরা ইজতেমা ময়দান ত্যাগ করার পর ধীরে ধীরে ময়দানে প্রবেশ করতে থাকেন মাওলানা সাদপন্থীরা। তবে শুরাপন্থীদের জনসমাগমের তুলনায় তাদের ইজতেমায় আগত মুসল্লিদের সংখ্যা অনেক কম বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আজ বাদ ফজর বৃষ্টি শুরু হবার আগে সরেজমিনে গিয়ে দেখা গেছে ইজতেমা মাঠের অনেক অংশই এখনও ফাঁকা পড়ে আছে।
এদিকে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ইজতেমা ময়দানে মুসল্লিদের মালামাল পলিথিন দিয়ে ঢেকে রাখতে দেখা গেছে। অনেকে চটের সামিয়ানার নিচে পলিথিন টানিয়ে বৃষ্টির পানি থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন। বিশেষ করে ইজতেমায় আগত বয়স্ক মুসল্লিরা বৃষ্টির কারণে চরম দূর্ভোগে পড়েছেন।
ইজতেমায় আসা মুসল্লিরা সাধারণত ইজতেমা ময়দানের উন্মুক্ত স্থানে রান্নাবান্না করে থাকেন। বৃষ্টির কারণে তাদের রান্না করাও কষ্টসাধ্য হয়ে গেছে। ময়দানের ভেতরে অনেককে পলিথিন দিয়ে মুড়িয়ে জুবু-থুবু হয়ে বসে থাকতে দেখা গেছে।
বৃষ্টির পরিমাণ বাড়তে থাকলে মুসল্লিদের মাঠে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এ ক্ষেত্রে ইজতেমা কর্তৃপক্ষই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান মাওলানা সাদ অনুসারী মুরুব্বি সৈয়দ আনিসুজ্জামান।
কাল সোমবার মোনাজাতের মধ্যদিয়ে সাদপন্থীদের ইজতেমা পরিসমাপ্তির কথা রয়েছে।
এইচআর/
