
ফাতেহ ডেস্ক
আগামী বছর মাওলানা জোবায়ের ও সাদপন্থিকে একসাথে বিশ্ব ইজতেমা পরিচালনা করার প্রস্তাব দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। সোমবার সকালে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দান পরিদর্শনে গিয়ে এ প্রস্তাব দেন তিনি। কিন্তু সাদপন্থীরা প্রত্যাখ্যান করে জানিয়েছেন, আদশর্গত মিল না থাকলে সেটা সম্ভব নয়।
চলছে বিশ্ব ইজতেমার চতুর্থ দিন। প্রথম দুই দিন তুরাগ তীরে ছিলেন জোবায়েরপন্থি মুসল্লিরা। মঙ্গলবার পর্যন্ত থাকবেন সাদপন্থিরা।
দুই পক্ষের বিরোধে এবার আলাদাভাবে ইজতেমা পালন করছেন তারা। ধর্ম প্রতিমন্ত্রী চান, আগামীবার সবাই একসাথে পালন করুক।
এর পরপরই সংবাদ সম্মলনে সাদপন্থি মাওলানা আশরাফ দাবি জানান, আগামীতে মাওলানা সাদকে ইজতেমা পরিচালনা করতে দিতে হবে। না হলে প্রতিমন্ত্রীর ডাকে সাড়া দেয়ার সুযোগ নেই।
এছাড়া ইজতেমার দ্বিতীয় পর্যায়ে অংশ নিয়েছেন ৬৪ জেলার মুসল্লি ও ১৯ দেশের দুই শতাধিক বিদেশি। কিন্তু মাঠ ঘুরে দেখা গেছে মাঠের অনেক অংশই এখনো ফাঁকা পড়ে আছে। যা টঙ্গীর বিশ্ব ইজতেমায় গত কয়েক বছরের দৃশ্যের বিপরীত। তারপরও মঙ্গলবার আখেরি মোনাজাতে কমপক্ষে ১৫ লাখ মুসল্লি অংশ নেবেন বলে দাবি করছেন সাদপন্থিরা।
