এবার নিজের বাড়ি হারাচ্ছেন ইমরান খান

ফাতেহ ডেস্ক: অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আগে কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাকিব নিসার।

বার্তা সংস্থা পিটিআই জানায়, শুক্রবার বানিগালা এলাকায় অবৈধ স্থাপনার বিষয়ে একটি মামলার শুনানির সময় বিচারপতি সাকিব নিসার ইমরান খানের বাড়ির প্রসঙ্গে এই মন্তব্য করেন।

গত বছরের শুরুতে পাকিস্তানের ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটি (সিডিএ) দাবি করেছিল যে, তেহরিকই পার্টির নেতা ইমরান খানের বানিগালার ৪০ একর জমির উপর প্রতিষ্ঠিত বাড়িটি অবৈধ এবং এটি ভেঙে ফেলতে হবে।

সিডিএ সংস্থা সেসময় এরকম ১২২টি অবৈধ বাড়ির তালিকা প্রকাশ করেছিল। বাড়িগুলো ভেঙে ফেলার সিডিএ এর আবেদনের প্রেক্ষিতে পাকিস্তানের শীর্ষ কোর্টে এখন মামলা চলছে।

প্রধান বিচারপতি সাকিব নিসার শুনানিকালে বলেছেন, ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির (সিডিএ) উচিত প্রথমে বানিগালায় ইমরান খানের বাড়ির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা।

পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, নিসারের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানির সময় বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের উচিত প্রথমে তার নিজের সম্পত্তিকে আইনের আওতায় আনা। যাতে অন্যরা তার দৃষ্টান্ত অনুসরণ করতে পারে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাবর আওয়ান এই বক্তব্যের জবাবে বলেছেন, তারা বিষয়টির সুরাহা করতে সিডিএকে সব রকম সহায়তা করবেন।

দেশটির জরিপ কর্তৃপক্ষ সোমবার বানিগালায় অবৈধ দখল বিষয়ে একটি প্রতিবেদন জমা দেয়ার সময় বিচারপতি নিসার বলেন, ওই এলাকায় যিনিই অবৈধ স্থাপনার মালিক হন, তাকে জরিমানা করা হবে।

এর আগে ১ অক্টোবর পাকিস্তান সুপ্রিম কোর্ট এক মন্তব্যে বলে, ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতৃত্বাধীন সরকারের উচিত বানিগালার ইমরানের নিজের বাড়িসহ ওই এলাকার সব স্থাপনাকে নিয়মের আওতায় নিয়ে আসা।

বানিগালার ইমরানের ঔপনিবেশিক ধাঁচে তৈরি ৫টি শয়নকক্ষ বিশিষ্ট বিশাল একটি বাড়ি রয়েছে।

উল্লেখ্য, ২০০০ সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বানিগালায় আবাসিক এলাকা গড়ে তোলা হয়।

কিন্তু এই আবাসিক এলাকা গড়ার ক্ষেত্রে নিয়মনীতির তোয়াক্কা করা হয়নি বলে বিস্তর অভিযোগ রয়েছে। প্রয়োজনীয় ড্রেন এবং ময়লা ফেলার সঠিক ব্যবস্থাপনা না থাকায় এর নিকটস্থ রাওয়াল লেক দূষিত হচ্ছে।

এছাড়া আবাসন গড়ার সময় বাড়ি মালিকরা প্রচুর গাছ কেটেছেন বলে স্থানীয়রা অভিযোগ করেন।

আগের সংবাদচলতি বছরের শেষ নাগাদ যুক্তরাজ্য-ইইউ’র সমঝোতা
পরবর্তি সংবাদট্রাম্প না দিলেও ফিলিস্তিনিদের অর্থ দিবে আমেরিকার জনগণ