
ফাতেহ ডেস্ক: ৩৭ বছর পর মাঠে বসে ফুটবল খেলা দেখার সুযোগ পেলেন ইরানি নারীরা। তেহরানের আজাদি স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন লিগের ফাইনাল খেলা দেখতে শনিবার উপস্থিত ছিলেন পাঁচ শতাধিক নারী।
উপস্থিত অধিকাংশ নারীই খেলোয়াড়দের আত্মীয়-স্বজন ও নারী ফুটবল দলের সদস্য। এ পদক্ষেপের মধ্যদিয়ে ইসলামি শাসনের অধীনে থাকা দেশটিতে নারীদের মাঠে বসে খেলা দেখার নিষেধাজ্ঞা বাতিল হবে বলে আশা করছেন উপস্থিত দর্শকেরা।
ইসলামি বিপ্লবের পর ১৯৮১ সাল থেকে নারীদের মাঠে ঢোকার নিষেধাজ্ঞা জারি করে ইরান। তবে বিভিন্ন দেশের নারী সমর্থকেরা কয়েকটি খেলা মাঠে বসে দেখার অনুমতি পেয়েছিলেন। এদিকে নিষেধাজ্ঞা বাতিলে ইরান সরকারের সঙ্গে কাজ করছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা-ফিফা।
