ইসলামবিদ্বেষী আসাদ নূরের মুক্তি: কী ভাবছে ধর্মীয় সমাজ?

ওমর ফারুক

সম্প্রতি মুক্তি পেয়েছে ইসলামবিদ্বেষী স্বঘোষিত নাস্তিক আসাদ নূর। মুক্তি পাওয়ার সময়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়েছে এবং পরবর্তীতে ফেসবুক লাইভে এসে তার বিকৃত উচ্ছ্বাসও প্রকাশ পেয়েছে। বিষয়টি কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ধর্মীয় অঙ্গন। স্বঘোষিত এ নাস্তিককে কোনো ধরণের বিচারের আওতায় না এনে মুক্তি দেওয়াটা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের জন্য অস্বাভাবিক বিষয় বলে মনে করছেন সচেতন নাগরিকরা। এতে মুসলিমদের হৃদয় ক্ষত বিক্ষত হওয়াটাও অস্বাভাবিক কোনো বিষয় নয়। তবে নীরবে আবডালে রাতের অন্ধকারে কীভাবে একজন স্বঘোষিত নাস্তিক মুক্তি পেল, এই প্রশ্নও এখন সামনে আসছে  ।

একে কেন্দ্র করে ইতোমধ্যেই মাঠ পর্যায়ে আন্দোলনেরও ঘোষণা দিয়েছে দেশের অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এক বিবৃতিতে জানান, নাস্তিক আসাদ নূরকে পুনরায় গ্রেফতার পূর্বক ফাঁসির দাবীতে হাটহাজারী উপজেলার ডাকবাংলো চত্বরে শুক্রবার বাদ’জুমা বিক্ষোভ সমাবেশ ও মিছিল বের করা হবে। এ নাস্তিকবিরোধী আন্দোলন স্বাভাবিকভাবেই দেশব্যাপী ছড়িয়ে পড়ারও সম্ভাবনা রয়েছে। এর আগে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীও বিষয়টির নিন্দা জানিয়েছেন।

এদিকে নির্বাচনের আগ মুহূর্তে আসাদ নূরের মুক্তির প্রসঙ্গটি আসলে রাজনৈতিক কৌশল, সরকারের ভেতর ঘাপটি মেরে বসে থাকা নাস্তিক ও বামপন্থী লোকদের সাফল্য। ধর্মীয় অঙ্গনকে আবারও উত্তেজিত করে তোলার একটি অপকৌশল বলেও মনে করছেন অনেকে। আবার কেউ কেউ এটিকে সরকারের একটি স্বাভাবিক প্রক্রিয়া বলেও মন্তব্য করেছেন।

রাষ্ট্রবিরোধী  বক্তব্য দেয়ার পরেও কীভাবে আসাদ নূর মুক্তি পেয়েছে এ বিষয়টি যেমন ভাবনার বিষয়,  তেমনি এ পরিস্থিতে ইসলামি রাজনৈতিক দল ও ধর্মীয় মহল এর বিরুদ্ধে কী ধরণের ভূমিকা পালন করবে, এ বিষয়টি এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ পরিস্থিতিতে বিশিষ্ট উলামায়ে কেরাম মনে করছেন একজন নাস্তিকের মুক্তির বিষয়টি কোটি কোটি নবীপ্রেমী মুসলিম হৃদয়কে আহত করেছে। এর প্রতিবাদে আলেম উলামা ও ইসলামি রাজনৈতিক দলগুলোর মাঠে নেমে আসা উচিত। ৩৬০ আওলিয়ার দেশে প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো নাস্তিক তাদের উগ্রবাদি মনোভাব প্রকাশ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে নিষ্কৃতি পেয়ে যাবে এটা মেনে নেওয়া যায় না।

অপরদিকে রাজনীতির এ নাজুক পরিস্থিতিতে আলেম ওলামা ও রাজনৈতিক দলগুলোর আন্দোলনে সচেতনতা প্রয়োজন বলেও মনে করছেন একটি মহল। নাস্তিক ও ইসলাম বিদ্বেষী আন্দোলন উস্কে দিয়ে একটি মহল যেন রাজনৈতিকভাবে বড় ধরণের কোনো স্বার্থ উদ্ধার করতে না পারে বিষয়টির প্রতিও লক্ষ্য রাখতে হবে। নাম প্রকাশে অনিচ্ছিুক একজন ইসলামি চিন্তাবিদ জানান, একজন নাস্তিকের মুক্তিতে দেশের ধর্মপ্রিয় মানুষের হৃদয়ে আঘাত লাগবে এটাই স্বাভাবিক বিষয়। তবে এর অন্তরালে কোনো বৃহৎ হীনস্বার্থ কাজ করছে কীনা তাও ভেবে দেখতে হবে। ২০১৩ সালের মতো আরেকটি পরিস্থিতি তৈরি হলে ২০১৮ সালের আসন্ন নির্বাচনের পরিস্থিতিও বদলে যেতে পারে। বিষয়টি নিয়ে সচেতন মহলের বিশেষ সতর্কতা প্রয়োজন।

এদিকে নাস্তিক আসাদ নূরের মুক্তির বিষয়টি কীভাবে দেখছেন তরুণ ধর্মীয় লেখক ও আলেমরা? এ বিষয়ে কথা হয় রাজধানীর মাদরাসাতুল বালাগের প্রিন্সিপাল ও লেখক মাওলানা আহসান শরিফের সঙ্গে। তিনি জানান, এখানে সরকার কৌশলী অবস্থান নিয়েছে। এ মুহূর্তে স্বাভাবিকভাবেই সরকার তার ভোটও নষ্ট হতে দিবে না, আবার ভাবমূর্তিও অক্ষুণ্ণ রাখার আপ্রাণ চেষ্টা করবে। বামপন্থীরা সরকারের জোটে, ডানপন্থীরাও সরকারের সঙ্গে আছে। দু’টি মহলকেই সরকার কৌশলে সন্তুষ্ট রাখার চেষ্টা করে যাচ্ছে। আসাদ নূরের মুক্তি এরই প্রতিফলন। এ ক্ষেত্রে আলেমদের প্রতিবাদ জানানো উচিত। তবে তা হতে হবে শান্তিপূর্ণ ও সংঘাতহীন এবং সতর্কতা অবলম্বন করে। সাধ্যের জায়গা থেকে আন্দোলন করতে হবে সকল আলেমদের।

বিষয়টি নিয়ে কথা হয় দারুল ইসলাহ উত্তরার প্রিন্সিপাল ও তরুণ আলেম মাওলানা ইমদাদুল্লাহর সঙ্গে। তিনি বলেন, সরকার আসাদ নূরকে মুক্তি দিয়েছে আন্তরিকতার সঙ্গেই। তার বিষয়ে আইনীভাবে যথাপযুক্ত ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। তাকে শাস্তি দিয়ে বা তওবা পড়িয়ে মুক্তি দিলেও কোনো সমস্যা হতো না। এছাড়া দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়ে দুর্বল আইন থাকার কারণেই সে মুক্তি পেয়ে গেছে। এ বিষয়ে যদি দেশে কঠিন কোনো আইন বা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকতো তাহলে সহজেই সে মুক্তি পেত না।

এ পরিস্থিতিতে আলেম ওলামা ও ইসলামি রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ অব্যাহত রাখার পাশাপাশি সরকারের উর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনায়ও বসতে হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণে কঠোর আইন করতে সরকারকে বাধ্য করতে হবে। নির্বাচনের আগ মুহূর্তে এ ধরণের আর কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয় সে বিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

আগের সংবাদতুরস্কের অর্থনীতি শক্তিশালী হবে: এরদোগান
পরবর্তি সংবাদএবার সৌদিকে আমেরিকার হুঁশিয়ারি