ইসলামি আন্দোলন যেসব ভোট পাচ্ছে এগুলো প্রকৃত ইসলামি শক্তিরই পরিচয় বহন করে : অধ্যক্ষ ইউনুছ

ওমর ফারুক

ইসলামি আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ‘যেকোনো কায়দায়,যেকোনো কৌশল বা অপকৌশলে ক্ষমতায় যাওয়ার রাজনীতি আমরা করি না। আমরা চাই ইসলাম, দেশ, জাতি ও মানবতার উপকার হোক। এ জন্যই প্রচলিত মৌসুমী জোট ও রাজনীতির সঙ্গে আমরা যুক্ত হতে পারছি না।’ ইসলামি আন্দোলনের জোটবদ্ধ রাজনীতির বিরোধিতার কারণ জানতে চাইলে ফাতেহ২৪ ডটকমের সঙ্গে একান্ত ফোনালাপে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা ক্ষমতায় যেতেও পাগলপাড়া নই। আমরা ধীরস্থীরভাবে জনমত গঠন ও মানুষকে বুঝানোর চেষ্টা করছি। দেশে কীভাবে শান্তি আসবে, স্বস্তি ও নিরাপত্তা আসবে এ নিয়ে আমাদের রাজনীতি। আমরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্যে রাজনীতি করি না। এটা করলে অনেক আগেই সুযোগ ও অফার ছিল। আমরা সেদিকে যাচ্ছি না। আমরা আদর্শ ঠিক রেখে দেশ, জাতি, মানবতা ও ইসলামের পক্ষে কাজ করতে চাই।

অধ্যক্ষ ইউনুছ বলেন, আমাদের অভিজ্ঞতা হলো, যারাই যতো ঐক্যে গেছে, তারাই বিচ্ছিন্ন হয়েছে বেশী। এজন্য আমরা খুব সতর্ক অবস্থানে আছি। আমরা সুসংগঠিতভাবে সামনে এগিয়ে যেতে চাই। দ্বীন ও ধর্মের দাওয়াত দিতে চাই।

কোনো জোটে না যাওয়ার পেছনে কী আপনাদের রাজনৈতিক কোন কৌশল রয়েছে, নাকি ধর্মীয় কারণে যাচ্ছেন না, এ বিষয়ে তিনি বলেন, এর পেছনে হেকমত ও ধর্ম দুটি কারণই রয়েছে। আমাদের নীতি হচ্ছে, আমরা কখনো দুর্নীতিগ্রস্থ ও বিতর্কিত দলের সঙ্গে জোটে যাবো না। আমরা অবিতর্কিত একটি অবস্থানে রয়েছি। এটাকেই বড় সফলতা মনে করছি। যেসব বড় দলের সঙ্গে জোট হচ্ছে এসব বড় দল বিতর্কিত বা দুর্নীতিগ্রস্থ হওয়ার অভিযোগে অভিযুক্ত। এসব জোটে যেয়ে আমরা আমাদের সুন্দর একটি অবস্থানকে নষ্ট করতে চাই না।

ধর্মীয় কী কারণে জোটে যাচ্ছেন না বলে মনে করেন, এ বিষয়ে তিনি বলেন, আমাদের সবকিছুই পরিচালিত হয় ইসলামের মাপকাঠিতে। ইসলামের ক্ষতি হয় এমন কিছু আমরা করতে চাই না। আমাদের অভিজ্ঞতা বলে, যতোবার যতো বেশি জোট হয়েছে ততোবার ততোবেশি ইসলামি শক্তির ক্ষয় হয়েছে। এজন্য আমরা এ অবস্থান ধরে রাখতে চাচ্ছি।

আপনারা দুই হাজার এক সালে জাতীয় পার্টির সঙ্গে জোটে গিয়েছিলেন। অথচ জাতীয় পার্টি স্বৈরাচার ও হাফেজ্জি হুজুরকে গৃহবন্দী করেছিল। তাহলে এর ব্যাখ্যা কীভাবে দিবেন? তিনি বলেন, সেময় একটি প্রশ্ন ছিল নারী নেতৃত্ব নাকি পুরুষ নেতৃত্ব। এর ভিত্তিতেই আমরা জোটে গিয়েছিলাম। তাছাড়া এরশাদ সাহেব পীর সাহেব (সৈয়দ রেজাউল করীম রহ.) কে আমীর ও পীর মেনেই প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনার নেতৃত্বেই আমি কাজ করতে চাই। আপনি যেভাবে নেতৃত্ব দিবেন আমি সেভাবেই চলতে চাই। এজন্য এরশাদ সাহেবকে কো-চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছিল। এমনটি নয় যে তিনি চেয়ারম্যান ছিলেন আর পীর সাহেব হুজুর তার অনুসারী ছিলেন। এ জোটের চেয়ারম্যান ছিলেন পীর সাহেব হুজুর। এমনটিও নয় এরশাদ সাহেবের অধীনে পীর সাহেব হুজুর নির্বাচনে গিয়েছিলেন।

তাহলে অন্য যত ইসলামি দল রয়েছে তারা কেন জোটে যাচ্ছে, এমন প্রশ্নে তিনি বলেন, এটা তাদের দৃষ্টিভঙ্গি, সুতরাং তাদের থেকে ব্যাখ্যা নিলেই ভালো হয়। আমাদেরটা আমরা বলতে পারবো। তাদের দৃষ্টিভঙ্গি তারাই ভালো বলতে পারবে।

ইসলামি দলগুলোর সঙ্গেও তো আপনারা জোট করতে পারেন, এ বিষয়ে তিনি বলেন, আমরা কাউকে নিষেধ করিনি আমরা তাদের সঙ্গে জোটে যাবো না। আমরা সবাইকে আহ্বান করেছি, ইসলামের নীতি, আদর্শ ঠিক রেখে কেউ যদি আমাদের সঙ্গে জোটে আসতে চায়, আসতে পারে। এতে আমাদের কোনো বাধা নেই। তাদের জন্য আমাদের সব দরজা খোলা আছে। কিন্তু সাময়িক স্বার্থে বা জাতি ও ইসলামের ক্ষতি হবে এমন জোট আমরা চাই না। এটা আমরা আগেও চাই নাই, এখনো চাই না।

বর্তমান চলমান জাতীয় ঐক্য প্রক্রিয়া নিয়ে আপনার মতামত কী, এ বিষয়ে তিনি বলেন, এরা তো নিজেরাই কোনো দৃঢ়তায় যেতে পারেনি। কেউ সেকুলারিজমকে গুরুত্ব দেয়, কেউ অসাম্প্রদায়িক শক্তি নিয়ে এগুতে চায়। তাদের মধ্যেই তো আমরা ঐকমত্য দেখছি না। নূর হুসাইন কাসেমি সাহেব সেখানে গেলেন এ নিয়ে কতো বিতর্ক। তারা তো নিজেদের মধ্যেই ঠিক নেই। এ সমস্ত জগাখিঁচুড়িমূলক বিচ্ছিন্ন ও অন্ধকার অবস্থানের মধ্যে আমরা এমন একটি সুশৃঙ্খল জনগোষ্ঠীকে কেন ঠেলে দিবো। দেশ, জাতি ও ইসলামের দিকে তাকিয়ে আমাদের আরও ধৈর্য্য ধরতে হবে। আমরা মানুষের কাছে ইসলামের সঠিক দাওয়াতটা পৌঁছাতে পারছি, এটাই আমাদের সফলতা। রাতারাতি ক্ষমতায় যাওয়ার জন্য আমরা ব্যস্ত নই।

আপনারা যে জোটে যাচ্ছেন না, তাতে এই ভোটগুলো আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে বলে অনেকে মনে করেন। এর উত্তর কীভাবে দিবেন? এ বিষয়ে অধ্যক্ষ ইউনুছ আহমাদ বলেন, এসব কথাবার্তার কোনো ভিত্তি নেই। সকল ইসলামি দল মিলে জোটে আসলে এসব ভোট ইসলামি শক্তিই পেতো। অথচ ইসলামি দলগুলো অন্যদের সঙ্গে জোটে যাওয়ার কারণে এসব ভোট প্রকৃত ইসলামি শক্তিরাই পাচ্ছে না। পক্ষান্তরে ইসলামি আন্দোলন যেসব ভোট পাচ্ছে এগুলো প্রকৃত ইসলামি শক্তিরই পরিচয় বহন করে। অন্যকোন দলকে প্রভাবিত করে না। আওয়ামী লীগের পক্ষে যাওয়ার তো প্রশ্নই উঠে না। এসব অবান্তর কথাবার্তা।

আপনারা দুই হাজার এক সালে জাতীয় পার্টির সঙ্গে জোটে গিয়েছিলেন। অথচ জাতীয় পার্টি স্বৈরাচার ও হাফেজ্জি হুজুরকে গৃহবন্দী করেছিল। তাহলে এর ব্যাখ্যা কীভাবে দিবেন? তিনি বলেন, সেময় একটি প্রশ্ন ছিল নারী নেতৃত্ব নাকি পুরুষ নেতৃত্ব। এর ভিত্তিতেই আমরা জোটে গিয়েছিলাম। তাছাড়া এরশাদ সাহেব পীর সাহেব (সৈয়দ রেজাউল করীম রহ.) কে আমির ও পীর মেনেই প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনার নেতৃত্বেই আমি কাজ করতে চাই। আপনি যেভাবে নেতৃত্ব দিবেন আমি সেভাবেই চলতে চাই। এজন্য এরশাদ সাহেবকে ক্যু চেয়ারম্যান হিসেবে রাখা হয়েছিল। এমনটি নয় যে তিনি চেয়ারম্যান ছিলেন আর পীর সাহেব হুজুর তার অনুসারী ছিলেন। এ জোটের চেয়ারম্যান ছিলেন পীর সাহেব হুজুর। এমনটিও নয় এরশাদ সাহেবের অধীনে পীর সাহেব হুজুর নির্বাচনে গিয়েছিলেন।

আগের সংবাদরায়কে ঘিরে সর্তক আইনশৃঙ্খলা বাহিনী
পরবর্তি সংবাদঅর্থনীতিতে নোবেল পেলেন উইলিয়াম ও পল