খাশোগজি হত্যায় জড়িতদের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেবে যুক্তরাষ্ট্র

ফাতেহ ডেস্ক

সৌদি সংবাদিক জামাল খাশোগজি হত্যার তদন্ত আমেরিকা ধামাচাপা দিচ্ছে এমন অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, আমেরিকা এ হত্যাকাণ্ডকে ধামাচাপা দিচ্ছে না। দায়ীদের সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে ওয়াশিংটন আরও ব্যবস্থা নেবে।

হাঙ্গেরি সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এখনও এ হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তকাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, যুক্তরাষ্ট্র খাশোগজি হত্যার তদন্ত অব্যাহত রাখবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এমন সময়ে খাশোগজি হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে এ মন্তব্য করলেন যখন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান খাশোগজি হত্যার তদন্তে যুক্তরাষ্ট্রের নীরবতার সমালোচনা করেছেন এবং মার্কিন আইনপ্রণেতারা নৃশংশ এ খুনের ঘটনায় অপরাধীদের শাস্তি নিশ্চিতে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছেন।

এ মাসের শুরুর দিকে তুরস্কের টিআরটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোগান বলেছিলেন, সিআইএর সদস্যরা এ হত্যাকাণ্ডে তুরস্কের সরবরাহ করা রেকর্ডিং শোনার পরও এই ধরনের ভয়ঙ্কর ঘটনায় আমেরিকার নীরবতা আমি বুঝতে পারছি না। এটি কোনও সাধারণ হত্যাকাণ্ড নয়। আমরা সবকিছু পরিষ্কার করতে চাই। কারণ এটি নৃশংসতা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

এরদোগান বরাবরই বলে আসছেন, খাশোগি হত্যাকাণ্ডের চার মাস আগে সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ হত্যাকাণ্ডের নির্দেশ এসেছিল। টিআরটিকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, এ খুনের পরিকল্পনায় যুক্ত ছিলেন ২২ জন। এদের মধ্যে ১৫ জন দুইটি বিমানে করে ইস্তান্বুল পৌঁছায়। হত্যাকাণ্ডের দিন তারা ইস্তান্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করে।

এরদোগান বলেন, তুরস্কের জোরালো ভূমিকার পর আদিল জাবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে নেওয়াই প্রমাণ করে সৌদি সরকার এ হত্যার সঙ্গে জড়িত।

আগের সংবাদপ্রথম ধাপের উপজেলা প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে
পরবর্তি সংবাদঠাকুরগাঁওয়ে বিজিবি-জনতা সংঘর্ষে বিজিবির গুলিতে নিহত ৩, আহত ১৭