
ফাতেহ ডেস্ক: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচন করার জন্য মনোনয়ন নিলেন সিলেট জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য নজরুল ইসলাম।
দলীয় বহিষ্কারাদেশ নিয়ে দীর্ঘ এক যুগের বেশি রাজনীতির বাইরে থেকে সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফিরে গণফোরামে যোগ দেন জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম।
এরপর গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের নির্দেশে নজরুল তার নির্বাচনী এলাকায় কাজ শুরু করেন।
ইতোমধ্যে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন ফরম জমা দেন তিনি।
হঠাৎ দল বদলের কারণ জানতে চাইলে ছাত্রলীগের তৃণমূলের রাজনীতির মাধ্যমে উঠে আসা নজরুল ইসলাম বলেন, আমি তো দল ত্যাগ করিনি। আওয়ামী লীগ আমাকে ত্যাগ করেছে, বহিষ্কার করেছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আমি কেন্দ্রে আবেদন করেছিলাম।
এর পরিপ্রেক্ষিতে দলীয়ভাবে তদন্ত কমিটিও হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সেই তদন্ত আলোর মুখ দেখেনি। ফলে দীর্ঘ এক যুগ অপেক্ষা শেষে ড. কামাল হোসেনের ছায়ায় এসেছি।
জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে নজরুল ইসলাম আরও বলেন, গণফোরাম থেকে আমি মনোনয়ন নিয়েছি। এখন এ ব্যাপারে দলীয় এবং ঐক্যফ্রন্টের আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে মনোনয়ন না পেলেও আক্ষেপের কিছু নেই।
