
হারাম শরীফের ছাদ থেকে আত্মহত্যাকারীদের তালিকায় এবার যোগ হল এক বাংলাদেশীও। ছাদ থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেছেন। ১৫ জুন, শুক্রবার ওই ব্যক্তি আত্মহত্যা করেন। খবর দৈনিক গাল্ফ নিউজের।
গাল্ফ নিউজের ওই খবরে বলা হয়, বাংলাদেশি ওই ব্যক্তি হারাম শরীফের ছাদ থেকে লাফিয়ে পড়েন। ঘটনায় ওই বাংলাদেশি তাওয়াফ করার স্থানে এক সুদানি নাগরিকের ওপর পড়েন। এতে ওই ব্যক্তিও মারাত্মকভাবে আহত হন।
লাফিয়ে পড়ার পর ওই বাংলাদেশিকে উদ্ধার করে প্রাথমিকভাবে আইয়াদ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে নূর হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। তবে নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। কাবা ঘরের সিসিটিভির ফুটেজ দেখে ওই ব্যক্তি বাংলাদেশি বলে নিশ্চিত হয়েছে কর্তৃপক্ষ।
এর আগে, গত ৮ জুন হারাম শরীফের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক ফরাসি নাগরিক আত্মহত্যা করেন।
কাবা ঘরের ছাদ থেকে কেউ যাতে না পড়ে যায় সে জন্য চারপাশে শক্ত দেয়াল তুলে দেওয়া আছে। তারপরও কীভাবে এ ঘটনা ঘটেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে স্থানীয় প্রশাসন এমন ঘটনা প্রতিরোধে সব রকম চেষ্টা চালাচ্ছে বলে দাবী করেছে।
