সুষ্ঠু নির্বাচন হওয়ার বিশ্বাস ভেঙে গেছে: ড.কামাল

ফাতেহ ডেস্ক

 সুষ্ঠু নির্বাচন হওয়ার বিশ্বাস ভেঙে গেছে মন্তব্য করে সুষ্ঠু ভোটের জন্য নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন।

নির্বাচন সুষ্ঠু না হলে পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করেছেন তিনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সকালে এক আলোচনা সভায় এ বিষয়ে কথা বলেন ড. কামাল।

৭০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ‘মানবাধিকার, সুশাসন এবং ভোটাধিকার’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার ফেডারেশন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন বলেন, ক্ষমতাসীনরা এখন সংবিধান পরিপন্থি কাজ করছে। নির্বাচনে বিরোধী প্রার্থীদের পুলিশি নির্যাতন করছে অভিযোগ করে তিনি বলেন, নির্বাচন কমিশন এসব দেখেও ব্যবস্থা নিচ্ছে না।

অন্যদিকে, বর্তমান বিচারব্যবস্থা স্বাধীন নয় বলে দাবি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বৈধ ঘোষণার পরেও সর্বোচ্চ আদালতে তা বাতিল হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় বক্তারা সবার অংশগ্রহণমূলক নির্বাচনে ইচ্ছাকৃত বাধার সৃষ্টির অভিযোগ তোলেন। সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

আগের সংবাদমিয়ানমারের ওপর চাপ বাড়ানোর চিন্তা জাতিসংঘের
পরবর্তি সংবাদফেডারেল রিজার্ভের সিন্ধান্তে ক্ষুব্ধ ট্রাম্প