
ফাতেহ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের পরবর্তী শুনানি আজ। আর বাসে আগুন দিয়ে হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি ২০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
বুধবার বিকালে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অধিকতর শুনানির জন্য সময় আবেদন করলে কুমিল্লা জেলা ও দায়রা জজের বিচারক কে এম সামছুল আলম আজকের দিন ঠিক করেন।
এর আগে বুধবার দুপুরে চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আটজন হত্যা মামলায়ও খালেদা জিয়ার জামিন শুনানি পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পর মামলাটির শুনানি দিন ঠিক করা হয় ২০ সেপ্টেম্বর। কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলী আদালতের বিচারক বিপ্লব দেবনাথ এই দিন ঠিক করেন।
