
ফাতেহ ডেস্ক: খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঝুঁকিপূর্ণ নয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আল হারুন। বিএনপি প্রধান নতুন করে অসুস্থ হননি জানিয়ে, তিনি বলেন, প্রয়োজনে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হতে পারেন।
রোববার দুপুরে, মেডিকেল বোর্ডের রিপোর্ট কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে, সংবাদ সম্মেলনে হাসপাতাল পরিচালক জানান, শনিবার ৫ চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করে নতুন ঔষধ এবং বেশ কিছু পরীক্ষা-নিরিক্ষার সুপারিশ করেছে। সেই সাথে সুচিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির পরামর্শও দিয়েছে মেডিকেল বোর্ড।
গতকাল বিকেলে কারাগারে ঢুকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন বোর্ডের ৫ চিকিৎসক। এর আগে, গত রোববার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবি জানান বিএনপি নেতারা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু মেডিকেলের পাঁচ চিকিৎসকের মেডিকেল বোর্ড গঠন করে সরকার।
