
ফাতেহ ডেস্ক: কুমিল্লায় পেট্রলবোমায় ৮ জনকে পুড়িয়ে হত্যার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের অধিকতর শুনানির জন্য ৭ জানুয়ারি ধার্য করা হয়েছে।
রোববার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম শামছুল আলম এই দিন ঠিক করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট কায়মুল হক রিংকু ও তাইফুর আলম। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধের সময়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে, কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে বাসে পেট্রলবোমা ছোড়া হয়।
এতে আগুনে পুড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ৭ জন এবং হাসপাতালে নেয়ার পর মারা যান আরও একজন। কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিল আইকন পরিবহনের বাসটি। এ ঘটনায় দায়ের হত্যা মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।
