
ফাতেহ ডেস্ক: রাজধানী ঢাকার বনানী সুপার মার্কেটের কার পার্কিং ইজারা নিয়ে দুর্নীতি করার অভিযোগে ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল (২৮ নভেম্বর) ঘোষণা করা হবে। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান এ রায় ঘোষণা করবেন।
১৯ নভেম্বর এই মামলার রায় ঘোষণা করার দিন ধার্য থাকলেও রায় প্রস্তুত না হওয়ায় ২৮ নভেম্বর রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন আদালত। মামলার অপর তিন আসামি হলেন- ঢাকা সিটি কর্পোরেশনের ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকী, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলাক কার পার্কিং এর ম্যানেজার এইচ এম তারেক আতিক।
অভিযোগে থেকে জানা যায়, মামলার আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ডিসিসির বনানী সুপার মার্কেট কাম হাউজিং কমপ্লেক্সের বেজমেন্টের কার পার্কিং ইজারার জন্য ২০০৩ সালের দরপত্র আহ্বান করেন।
অংশগ্রহণ করা ৪টি দরপত্রের মধ্যে মিজানুর রহমান নামে জনৈক ব্যক্তি বার্ষিক এক লাখ ১০ হাজার টাকায় সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন।
পরবর্তীতে সাদেক হোসেন খোকা অপরাপর আসামিদের সঙ্গে পরস্পর যোগসাজশে ইজারার কার্যক্রম স্থগিত করেন। এর মাধ্যমে ফেব্রুয়ারি ২০০৩ সাল হতে ফেব্রুয়ারি ২০১১ সাল পর্যন্ত ৩০ লাখ ৮২ হাজার ৩৯৯ টাকা ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষতি করেছেন।
