
ফাতেহ ডেস্ক : ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের তারিখ ঘোষণা করলেও ভোটগ্রহণের তারিখ জানায়নি নির্বাচন কমিশন (ইসি)। তবে, কমিশনের একটি সূত্র জানায়, খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনের (২৫ ডিসেম্বর) আগেই ভোটগ্রহণ হবে। এই তথ্যমতে ২০ বা ২৩ ডিসেম্বর ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘কমিশনের আগের সিদ্ধান্ত অনুযায়ী ৪ নভেম্বর তফসিল ঘোষণার পরিকল্পনা ছিল। সব বিষয় বিবেচনা করেই কমিশন ৮ নভেম্বর তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে ড. কামাল হোসেন যে চিঠি দিয়েছেন, সে বিষয়টি আমলে নেওয়া হয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ‘নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে।’
ভোটগ্রহণের সম্ভাব্য দিনক্ষণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে কমিশনার শাহাদাত হোসেন বলেন, ‘তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণের দিন পর্যন্ত সময়ের ব্যবধানের একটি মানদণ্ড রয়েছে। সেটা মেনেই ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।’ সাধারণত ৪৫ দিন বা তার কাছাকাছি সময়ের ব্যবধান রাখার কথাও তিনি উল্লেখ করেন।
ইসি সংশ্লিষ্টরা জানান, সেই হিসেবে ৪৫ দিনের ব্যবধানে ভোট গ্রহণের দিন হয় ২২ ডিসেম্বর শনিবার। তবে সাধারণত শুক্র ও শনিবার সরকারি ছুটির দিনে ভোটগ্রহণ করা হয় না। তাই ২০ ডিসেম্বর বৃহস্পতিবার অথবা ২৩ ডিসেম্বর রবিবার ভোট গ্রহণের দিন নির্ধারণ হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কমিশনের পরিকল্পনা বড় দিনের আগেই ভোটগ্রহণের দিন ঠিক করা হবে। সেই অনুযায়ী তফসিলের দিনে ভোটগ্রহণের দিন ঘোষণা করা হবে।’
সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বড়দিনের (২৫ ডিসেম্বর) খুবই কাছাকাছি সময়ে নির্বাচন না করতে কমিশনকে অনুরোধ জানায়। এছাড়া নির্বাচন কমিশনও সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জাতীয় নির্বাচনের স্বার্থে ১০ ডিসেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা শেষ করার নির্দেশনা দিয়ে চিঠি দেয়।
তফসিল ঘোষণার বিষয়ে কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘৮ নভেম্বর বিকেলে জাতির উদ্দেশে সিইসির দেওয়া ভাষণের মাধ্যমে সংসদ নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে।’ সাধারণত সন্ধ্যা ৭ টার পরে বিটিভি-বাংলা বেতারের মাধ্যমে এ তফসিল ঘোষণা করা হয়। সর্বশেষ দশম সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয় সন্ধ্যা সাড়ে ৭ টার জতির উদ্দেশে দেওয়া ভাষণে।
বিএনপির গঠনতন্ত্র নিয়ে আদালতের নির্দেশনা প্রতিপালনের কথা জানান কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। তবে কয় দিনের মধ্যে তা নিষ্পত্তি করা হবে তা নিশ্চিত করেননি তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তফসিল ঘোষণার আগে নিষ্পত্তি হবে কিনা, সেই সিদ্ধান্তও কমিশন নেয়নি। তবে আদালতের নির্দেশনা প্রতিপালনের বাধ্যবাধকতা রয়েছে। শিগগিরই তা করা হবে।’
কারাবন্দি খালেদার জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে কমিশনার শাহাদাত কোনও জবাব দেননি।
