
ফাতেহ ডেস্ক: কোরবানির হাটে দেশি প্রাণির পাশাপাশি চাহিদা বেড়েছে মরু অঞ্চলের উট, দুম্বা ও গাড়লের। চাহিদা মেটাতে গাজীপুরে বাণিজ্যিকভাবে দুম্বা ও গাড়লের খামার গড়ে উঠেছে। শুধু কোরবানীর ঈদ নয়, সারাবছর ক্রেতাদের চাহিদা মেটানোর লক্ষ্য নিয়েই খামারগুলো গড়ে তুলেছেন ব্যবসায়ীরা।
শ্রীপুরের বরমী এলাকার জামাল উদ্দিন আহমেদের এই খামারে আছে ছোট-বড় অর্ধশতাধিক দুম্বা। পাশাপাশি তোতাপুরী, যমুনাপুরী, চিত্রাপুরী ছাগল ও গাড়লও পালন করছেন তিনি। চার বছর আগে দুম্বা, গাড়ল ও ছাগলসহ ৬০টি প্রাণি নিয়ে শুরু করেন খামার। এখন সংখ্যা ছাড়িয়েছে দুই শতাধিক।
গাজীপুরে শ্রীপুর সেফ মিট দুম্বা খামার স্বত্বাধিকারী জামাল উদ্দিন আহমেদ বলেন, প্রথম অবস্থায় ফুড, ভ্যাক্সিনে এদের এডজাস্ট করতে সমস্যা হতো, এখন অনেকটাই মানিয়ে নিয়েছে।
খামারের কর্মীরা জানান, ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগ বালাই ছাড়া এসব পশুর তেমন কোনো সমস্যা নেই।
জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পক্ষ থেকে টিকাসহ নিয়মিত প্রয়োজনীয় সেবা দেয়া হচ্ছে। পাশাপাশি দুম্বার খামার করতে আগ্রহীদের দেয়া হচ্ছে নানা পরামর্শ।
গাজীপুর শ্রীপুরে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল জলিল বলেন, “মানুষ আমার অফিসে আসছে এগুলো জানতে, আমরা সবধরনের পরামর্শ দিচ্ছি।
এ বছর সীমিত আকারে শুরু হলেও আগামী বছর থেকে পুরোদমে বাজারে তোলা যাবে এই খামারের দুম্বা ও গাড়ল- আশা জামালের।
