আবারও কোটা সংস্কার আন্দোলনকারীকে ছাত্রলীগের মারধর

ফাতেহ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ‘শিবির’ সন্দেহে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম জসিম উদ্দীন বিজয়। তিনি আরবী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর একাধিক সহপাঠী জানায়, বুধবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করছিল ছাত্রলীগ নেতাকর্মীরা। একপর্যায়ে জসিমসহ আরো পাঁচজনকে আটক করে সিনেট ভবনে নিয়ে যায় নেতাকর্মীরা। সেখানে তাদের মোবাইল ফোন ও ফেইসবুক পেজ চেক করে ওই পাঁচজনকে চড়-থাপ্পড় মেরে ছেড়ে দেয়।

তবে জসিমের ফেইসবুকে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে স্ট্যাটাস থাকায় তাকে সিনেটে আটকে রেখে বেধড়ক মারধর করে। এ সময় অনেক নেতাকর্মীকে বাইরে বসে উচ্চস্বরে গান গাইতে দেখা যায়।

বিভাগ সূত্রে জানা যায়, আজ বুধবার আরবী বিভাগের তৃতীয় বর্ষের নির্ধারিত ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে রাতেই ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে পরীক্ষা বর্জনের ঘোষণা দেন জসিম।

জসিমের সহপাঠীরা জানায়, কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানাতে জসিম পরীক্ষা বর্জনের ঘোষণা দিলে আরেক সহপাঠী ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ তাকে পরীক্ষা দেওয়ার জন্য শাসায়। তবে কোনোভাবেই পরীক্ষায় অংশ নেবে না বলে জানায় জসিম।

মূলত এই ঘটনাকে কেন্দ্র করে ইমতিয়াজের নির্দেশেই জসিমকে মারধর করা হয়, জসিমের বরাত দিয়ে এমনটাই অভিযোগ করে সহপাঠীরা। মারধরের পরে তাকে শিবির সন্দেহে প্রক্টরের হাতে তুলে দেয় ছাত্রলীগ। বিকেল ৪টার দিকে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, জসীম প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেছে। আমরা তাকে পুলিশ ও প্রক্টরের হাতে তুলে দিয়েছি। যারা প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করবে তাদের বিষয়ে কোন ছাড় হবে না।

প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বাংলা’কে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা এক শিক্ষার্থীকে শিবির সন্দেহে পুলিশের কাছে দিয়েছে।

জসীমকে থানা হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন।

আগের সংবাদপাবনায় নকল ঔষধ তৈরির মেশিন জব্দ, আটক ৩
পরবর্তি সংবাদদাওরায়ে হাদিসের ফলাফল প্রকাশ আজ