
ফাতেহ ডেস্ক: কয়লা সংকটে দিনাজপুরের বড় পুকুরিয়ায় তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধের আশঙ্কা দেখা দিলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। শিগগির ব্যবস্থা না নিলে মঙ্গলবারের মধ্যে কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাবে। এতে প্রভাব পড়তে পারে সারা দেশের বিদ্যুৎ সরবরাহে।
দেশের একমাত্র কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে কয়লার চাহিদা পূরণ হয় বড়পুকুরিয়ার কয়লা দিয়ে। কিন্তু বিদ্যুৎ উৎপাদনের জন্য খনির ইয়ার্ডে মজুদ ১ লাখ ৮০ হাজার টন কয়লার কোনো হদিস নেই। বর্তমানে মজুদ নেমেছে ৫ হাজার মেট্রিক টনে।
জরুরিভিত্তিতে কয়লা সরবরাহ না হলে মঙ্গলবারের মধ্যে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যাবে কেন্দ্রটিতে। এতে ঘাটতিতে পড়বে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ।
মজুদ কয়লা অন্যত্র সরিয়ে কর্মকর্তারা অস্থিরতা তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ স্থানীয় অধিবাসীদের। এক্ষেত্রে কয়লা রক্ষণাবেক্ষণে জড়িতদের অবহেলাকে দুষছেন তারা।
দুর্নীতি ও অনিয়মের অভিযোগে খনির ব্যবস্থাপনা পরিচালকসহ ৪ কর্মকর্তাকে শনিবার বরখাস্ত করে কর্তৃপক্ষ।
