
ফাতেহ ডেস্ক: মালয়েশিয়ায় ১০ হাজার কোটি ডলারের বিলাসবহুল ফরেস্ট সিটি আবাসন প্রকল্প পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার।
সেখানে বসবাসের জন্য বিদেশিদের ভিসা দেয়া হবে না বলে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের ঘোষণার একদিন পরই এ কথা জানান আবাসন এবং স্থানীয় সরকারমন্ত্রী ঝুরাইদা কামারুদ্দীন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি কমিটি করে প্রকল্পের চুক্তি পর্যালোচনা করা হবে। সংশ্লিষ্ট সব সংস্থা ও আবাসন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়, মালয়েশিয়ায় সম্পদ কেনার মাধ্যমে বিদেশিদের সরাসরি নাগরিকত্ব পাওয়ার সুযোগ নেই। তবে বিদেশিদের সরাসরি বিনিয়োগকে স্বাগত জানানো হয়েছে বিবৃতিতে।
