আজগুবিসব মামলায় ভুতুড়ে আসামি করা হলো বিএনপি নেতাদের

ফাতেহ ডেস্ক: সারা দেশে বিএনপি নেতাকর্মীদের নামে একের পর এক মামলা দেয়া হচ্ছে। বেশির ভাগ মামলা দেয়া হচ্ছে আজগুবি ঘটনার ওপর ভিত্তি করে।

ভাংচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, পুলিশকে মারধর করার মতো কোনো ঘটনাই ঘটেনি অথচ মামলার এজাহারে এসব কারণ হিসেবে দেখানো হয়েছে।

মৃত ব্যক্তি, ৮৬ বছরের প্যারালাইসড রোগী, এমনকি হজ ও চিকিৎসার জন্য দেশের বাইরে থেকেও মামলার হাত থেকে রেহাই পাননি অনেকে।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ঢাকা মহানগর বিএনপি, অঙ্গসংগঠনের কমিটিসহ মহানগর, জেলা-উপজেলা এমনকি ওয়ার্ড-ইউনিয়ন পর্যায়ের কমিটি ধরে মামলা দিচ্ছে পুলিশ।

গত কয়েকদিনে পল্টন, খিলগাঁও, মতিঝিল থানায় পুলিশের কাজে বাধা দেয়া, ককটেল বিস্ফারণসহ নাশকতার কয়েকটি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, রেজাক খান, নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, শহিদুল ইসলাম বাবুলসহ তিন শতাধিক নেতাকর্মীর নাম ধরে আসামি করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা আসামিও আছে অনেক। পল্টন থানায় করা মামলায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এমন মামলায় কেন্দ্রীয় নেতাদের আসামি করার ঘটনায় বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপি নেতা ও বিশিষ্টজনরা মনে করছেন, নির্বাচন সামনে রেখে বিরোধী দলকে চাপে রাখতেই এ ধরনের আজগুবি মামলায় ভুতুড়ে আসামি দেয়া হচ্ছে।

এর মধ্য দিয়ে তাদের সতর্ক করা হচ্ছে। তবে তড়িঘড়ি কারণ ছাড়া মামলা দায়েরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থার সংকট সৃষ্টি হতে পারে। এতে সরকারের ভাবমূর্তিও প্রশ্নবিদ্ধ হবে বলে তারা মনে করেন।

তবে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সুনির্দিষ্ট ঘটনায় মামলা হচ্ছে এবং কাউকে হয়রানি করা হচ্ছে না। সম্প্রতি এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা কাউকে বিনা অপরাধে গ্রেফতার করি না।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতার নিয়ে বিএনপির অভিযোগ মিথ্যা। বিএনপির যেসব ব্যক্তি গ্রেফতার হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ রয়েছে। এসব অভিযোগের ভিডিওচিত্র আছে।

তিনি বলেন, তারা যদি কোনো গ্রেফতার নিয়ে চ্যালেঞ্জ করেন, তাহলে আমরা পরিষ্কার করে বলতে পারব, কী অভিযোগে ধরা হয়েছে। নিরপরাধ কাউকে গ্রেফতার করা হচ্ছে না।

বুধবার খিলগাঁও থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়। এ মামলার এজাহারে খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী আল-রাজি হাসপাতালের সামনে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ এবং কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগ আনা হয়। এ মামলায় ৫টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার দেখানো হয়েছে। মামলাটির বাদী হয়েছেন খিলগাঁও থানার এসআই আমিনুল ইসলাম।

১১ ও ১২ সেপ্টেম্বর পল্টন থানায় ২টি মামলা হয়েছে। এ মামলায় ৭২ জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে মিছিল নিয়ে যাওয়ার পথে ককটেল বিস্ফোরণ, পুলিশের কাজে বাধা দেয়া এবং নাশকতার অভিযোগ আনা হয়। কিন্তু ওইদিন বায়তুল মোকাররম এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দেয়া হয়েছে। বৃহস্পতিবার এ দুই নেতার বিরুদ্ধে মামলা করা হয় বলে জানা গেছে।

এ মামলায় আরও আসামি করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হক, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়াসহ নাম উল্লেখ করে অনেকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

আগের সংবাদস্মৃতিসৌধ নির্মাণ: অসমাপ্ত কাজ সমাপ্ত দেখিয়ে অর্থ উত্তোলন
পরবর্তি সংবাদআপনার সুওয়াল: কুরবানীর গোশত কি তিন ভাগ করা ওয়াজিব?