
ফাতেহ ইসলাম:
বৈচিত্র্যময় এই পৃথিবী। আরো বৈচিত্র্যময় এর বাসিন্দারা। কত প্রজাতির মানুষ যে এই পৃথিবীতে বাস করেন এর কোনো হিসাব নেই। মানুষের পরিচয় গড়ে ওঠে বিভিন্ন উপাদানের ভিত্তিতে। দেশ, ভাষা কিংবা উপজীবিকার দ্বারা আমরা একে অপরের পরিচিতি লাভ করে থাকি।
কিন্তু এসবের কোনোটিই মানুষের মান নির্ণয়ের পরিমাপক নয়। ভৌগোলিক অবস্থান, মুখের ভাষা কিংবা দৈহিক বর্ণের সুবাদে কাউকে কারো ওপর প্রাধান্য দেয়ার নীতি মহান স্রষ্টা সুস্পষ্টরূপে বাতিল ঘোষণা করেছেন। কোরানে বলা হয়েছে, ‘হে মানুষেরা, আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পার, নিশ্চয় তোমাদের মধ্যকার সবচেয়ে মুত্তাকি ব্যক্তি আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত।’
আল্লাহর কাছে সম্মানের পাত্র হতে হলে যে গুণটি অর্জন করতে হবে তা হলো- তাকওয়া। হাদিসে আছে, ‘কর্ম যাকে পিছিয়ে রাখে, বংশ পরিচয় তাকে এগিয়ে নিতে পারে না।’ কর্মের মাধ্যমেই মানুষকে মর্যাদা অর্জন করতে হবে। আসলে সৃষ্টি জগতে প্রকৃত মর্যাদা ও শ্রেষ্ঠত্ব লাভের হকদার তারাই, যারা রূহজগতে আল্লাহপাকের কাছে দেয়া প্রতিশ্রুতি দুনিয়ার পঙ্কিলতায় ডুবে থেকেও বিস্মৃত হয় না।
পরম দয়ালু আল্লাহপাক তার প্রিয় সৃষ্টি মানুষকে সুপথে রাখার জন্য ব্যবস্থা করে রেখেছেন। তিনি যুগে যুগে মনোনীত ব্যক্তিদের পাঠিয়ে আদম সন্তানদের তাদের পূর্ব প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন।
যারা নবী-রাসুলদের দরদপূর্ণ আহ্বানে সাড়া দিয়েছে, তারা প্রকৃত কল্যাণের সন্ধান পেয়েছে। পক্ষান্তরে যারা তাদের কথায় কর্ণপাত করেনি, তারা অগ্রসর হয়েছে ধ্বংসের পথে। কিন্তু তারা তা অনুধাবন করতে সক্ষম হয় না। কেননা জাহান্নামের পথ আপাত সুন্দর, পক্ষান্তরে জান্নাতের পথ কষ্টের পথ। তাই যারা সচেতন নয়, তারা সহজেই নিজের অজান্তে এমন পথে অগ্রসর হয়; যা তাকে নিয়ে যায় অশুভ পরিণতির দিকে।
আল্লাহতায়ালা তার বান্দাদের প্রতি অতি মেহেরবান। তিনি মানুষকে খুব ভালোবাসেন। তাই তাদের জান্নাতের পথ দেখানোর জন্য সর্বকালেই তার মনোনীত পুরুষদের পাঠিয়েছেন। আম্বিয়ায়ে কেরামের আগমনের ধারা সমাপ্ত হওয়ার পরও মানুষকে সুপথ প্রদর্শনের ব্যবস্থা রহিত হয়নি। উম্মতের মধ্য থেকে যারা আলেমে দীন, তাদের করা হয়েছে নবীদের উত্তরাধিকারী। তাদের পথ অনুসরণ করলেই মানুষের মুক্তি ও সফলতা আসবে।
