মাওলানা সাদের আনুগত্য করা বৈধ হবেনা : মাওলানা আবদুল মালেক

ফাতেহ ডেস্কঃ

বাংলাদেশের প্রখ্যাত আলেম  মাওলানা আবদুল মালেক  তাবলীগের একাংশের নেতা মাওলানা সাদের প্রতি অনাস্থা প্রকাশ করে বক্তব্য দিয়েছেন। এতে তিনি বলেন, বিশেষভাবে মাওলানা সাদের আনুগত্য করা বৈধ হবেনা। এমন বক্তব্যের একটি অডিও অনলাইনে ভাইরাল হয়েছে।  তার প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়াহ আল ইসলামিয়া এর সাথে যোগাযোগ করা হলে তারা এর সত্যতা নিশ্চিত করেছেন। প্রতিষ্ঠানটির সহযোগী মুফতি ফয়জুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। পাঠকদের সুবিধার্থে বক্তব্যটির বিশেষ অংশ তুলে ধরা হল।

“আমি অধম বান্দা মুহাম্মদ আবদুল মালিক। শিক্ষাসচিব ও বিভাগীয় প্রধান. তাখাসসুস ফি উলূমিল হাদিস, মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া, ঢাকা।

আমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনাদের সমীপে কিছু কথা নিবেদন করবো। কথাগুলো দাওয়াত ও তাবলীগ সম্পর্কে। পুরো পৃথিবীর হালত সম্পর্কে আপনারা অবহিত আছেন। আপনাদের সমীপে সংক্ষিপ্ত কথা হলো, নিযামুদ্দিন মারকাযে সম্প্রতি যেসব কাণ্ড ঘটেছে এবং শায়খ সাদ কান্ধলভি যেসব কথা বলছেন, সেগুলো সম্পর্কে ভারতীয় উপমহাদেশের উলামায়ে কেরাম সম্যক অবগত।

জমহুর উলামায়ে কেরাম, দ্বীনের ফুকাহায়ে কেরাম ও গুণীজন- যারা উম্মতের কল্যাণকামী- তারা সবাই এ কথার ওপর একমত যে, শায়খ সাদ সে মানহাজ ও মাসলাক থেকে বের হয়ে গেছেন, যে মাসলাকের ওপর তাবলীগের মুরুব্বিগণ, যথা শায়খ ইলয়াস রহ. শায়খ ইউসুফ রহ. ও শায়খ ইনআমুল হাসান রহ. আজীবন চলেছেন।

সাদ সাহেব তার বয়ান ও আলোচনার মাঝে প্রতিনিয়ত এমন নিত্যনতুন উদ্ভট বিষয় নিয়ে আসছেন, যা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মানহাজ, জমহুর উলামা, মুফাসসিরিন, ফুকাহা ও মুহাদ্দিসিনের মানহাজের পরিপন্থী। যার পরিপ্রেক্ষিতে শরিয়তের দৃষ্টিকোণ থেকে আমরা তার অনুসরণ-আনুগত্য জায়েয মনে করি না।

তার বিকৃতি ও বিভ্রান্তির তালিকা এতোটাই দীর্ঘ যে, এখন সেগুলো বলে শেষ করা যাবে না। পরবর্তী সাক্ষাতে আমি তা আপনাদের সামনে উপস্থাপন করব। শায়খ ইবরাহিম, শায়খ আহমদ লাট ও শায়খ ইবরাহিমসহ প্রমুখ আকাবিরগণ তাদের চিঠিপত্রে সেই বিষয়গুলো সবিস্তারে আলোচনা করেছেন। আল্লাহ চাহেন তো সম্ভবত সেগুলোর অনুবাদ আপনাদের কাছে পৌঁছে যাবে।

আমার সর্বশেষ কথা হলো, আমরা আমাদের সেসব আকাবির ও মুরুব্বিদের সঙ্গে থাকব, যারা পূর্বের তিন হযরতজির মানহাজের ওপর থাকবেন। এই মানহাজই হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআর মানহাজ। এটাই সীরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ। এটাই সাহাবায়ে কেরামের মানহাজ। আমরা এমন ব্যক্তির অনুসরণ করব না, যিনি জমহুর উম্মত থেকে বিচ্ছিন্ন। কেননা যারা বিচ্ছিন্ন হবে, তাদের ব্যাপারে সাংঘাতিক শাস্তির ঘোষণা রয়েছে। এটাই আমার সর্বশেষ কথা’

আগের সংবাদশরণার্থী ক্যাম্পে কেমন আছে রোহিঙ্গা মুসলিমরা?
পরবর্তি সংবাদপাগল সাজিয়ে সম্পত্তি হাতিয়ে নিলে কারাদণ্ডের প্রস্তাব মন্ত্রীসভায় অনুমোদন