মায়াদ্বীপ মনপুরায় কয়েকদিন

কাজী মাহবুবুর রহমান 

নানান কারণে ভোলা জেলার নৈসর্গিক এই চরটি বিখ্যাত হয়ে উঠেছে। চোখ জুড়ানো মনোরম সব দৃশ্য, নদী, খালবিল, শষ্যক্ষেত, নারিকেল গাছের সারি, এর সব কিছুই অত্যন্ত মনোহর। কোন এক বিচিত্র কারণে মনপুরা চরের মানুষের ব্যবহার-আচারও অন্য সবার চেয়ে আলাদা। অত্যন্ত মনোরম ও ভাতৃবৎসল। যেন নদীর তীরে জীবন ধারণ করা এই মানুষগুলির নিজেদের ভেতরেও এক চিরবহমান নিবিড় শান্ত নদী বয়ে চলছে।

মনপুরার লঞ্চঘাটটি থেকেই শুরু হয় মুগ্ধতার শুরু। নদীর তীরে কোন টার্মিনাল কিংবা সাধারণ কোন ব্যবস্থা ছাড়াই স্রেফ বালির ওপর এই লঞ্চঘাট। দুইদিকে যতদূর চোখ যায়, কেবলই নদী। সামনে তিন চারটে ছোট ছোট দোকান। ডানদিকে আখের ক্ষেত। ক্ষেতের পাশে বাতাসে দুলছে কাশফুল। একটা নারিকেল গাছ বাঁকা হয়ে ঝুলে আছে নদীতে। কোন এক স্নিগ্ধ সকালে ধু ধু শাদা বালির পাড়ে এমন একটা জায়গায় এসে লঞ্চ ভিড়লে মন বদলে যায়।

আমাদের যাওয়ার কথা ছিল এর চেয়েও আরো দশ কিলোমিটার দূরের একটা চরে। সেখানে মোটরসাইকেলে গিয়ে কিছু পথ পায়ে হেটে যেতে হয়। মোটরসাইকেল থেকে নেমে হোটেলে খেতে বসলাম। খাবার দাবারেও বিশেষত্ব আছে। পরোটা স্বাভাবিকের তুলনায় কিছুটা মোটা। অনেকটা লুচির মত। তবে লুচির মত পাতলা নয়। আর আলু এবং ডাল দিয়ে আলু-ডালের মাঝামাঝি একটা ভাজি তৈরী করে। আলুর প্রাধান্য একটু বেশী। এবং এর সঙ্গে দিয়ে দেয় বোম্বাই মরিচ। খেতে অসাধারণ। তবে ঝালের সঙ্গে সখ্যতা থাকতে হবে।

বরিশাল অঞ্চলের মানুষের অধিকাংশই ঝাল খেতে পটু। আর মুরগীর মাংস থেকে চামড়া আলাদা করা হয়না। সম্পুর্ণ পরিস্কার করে চামড়া সহই মাংস কেটে ফেলা হয়। এটা অনেকেরই পছন্দ না হবার কথা। কিন্তু মনপুরার মানুষ খুব আগ্রহ করে এটা খান।

আমরা যেখানে ক্যাম্পিং করব, সেখানে তেমন কোন চিন্তাভাবনা ছাড়াই গেলাম। সুন্দর রোদ। ক্ষেতের মাঝখান দিয়ে উঁচু রাস্তা। গতরাতেও বৃষ্টি হয়েছিল। আমরা সেটা তেমন গায়ে মাখলাম না। কিন্তু সেখানে গিয়ে কিছুটা বিপাকেই পড়তে হল। মাটি সম্পুর্ণ ভেজা। পা দেবে যায়। তবু গা না করে কিছুক্ষণ মুক্ত বাতাসে ঘুরে ক্লান্তি ঝাড়লাম। একটু পরেই শো শো বাতাসের সঙ্গে ধেয়ে বৃষ্টি এল।

আমরা এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা নিজেদের ব্যগপত্র হাতে নিয়ে হতভম্ব হয়ে দাড়িয়ে রইলাম। তখন এগিয়ে এল মনপুরার মানুষ। আমাদের ক্যম্পিংয়ের জায়গাটা ছিল একদম নদীর তীরে। সেখানেই বর্ষায় মাছ ধরার নৌকা বানাচ্ছিলেন মিস্ত্রিরা। কয়েকটি খালি নৌকা এখন মাছধরার সিজন নয় বলে খালের অল্প পানিতে ভিড়িয়ে রাখা। নৌকার মিস্ত্রিরা এসে আমাদেরকে সেখানকার সবচে বাহারি, রাজকীয়, নৌকাটিতে তুলে দিলেন।

দুই তলা নৌকা। তার উপরে ছাদ। আমাদের ক্যাম্পিংয়ের দুটিদিন ওই নৌকাতেই কেটেছে। নৌকার ছাদে বসে বসে চারপাশ দেখতে অদ্ভুত লাগত। সারাক্ষণ জোয়ার ভাটা চলছেই। নদীর একদম কিনারে, স্রোতে পানি উঠে যায় এমন একটা জায়গায় কিছু ঘাস ছিল। সেখানে আমরা খেলাধুলা করতাম। দুপুর বেলায় খেলতাম, বিকালে জোয়ার এসে সেই জায়গা ঢেকে ফেলত। এক বুক সমান পানিতে তলিয়ে যেত। আবার সকালবেলা ঘুম ভেঙে দেখতাম চকচকে সবুজ ঘাস। সব কিছুই কেমন জাদুর মত।

বৃষ্টি হলে নৌকার ছোট্ট খুপড়ির ভেতর এক গাদা মানুষ গুটিসুটি মেরে বসে থাকা, নৌকার মেঝেতে বসে ভাত খাওয়া আর সারারাত জুড়ে নৌকার ছাদে বসে গল্প করা, সে এক দিন ছিল আমাদের। সব কিছু ফুরায়। আলসে রাজার ধনের মত আমাদেরও এইদিন ফুরালো। একদিন একরাত থাকার কথা। তিনদিন হয়ে যাচ্ছে। এবার ফিরতে হয়।

আসার সময় মনপুরার মানুষগুলি আবারও চোখ ভিজিয়ে দিল। একটা ছোট বাচ্চা ছেলে এসে বলল, ভাইজান আপনারা কেন চলে যাচ্ছেন? এই প্রশ্নের সামনে আমরা সবাই একসঙ্গে অসহায় বোধ করতে থাকলাম। অনেকদিন হল, মনপুরা ছেড়ে এসেছি। এখনো হুটহাট মনে পড়ে যায়। এক অদ্ভুত শুন্যতা অনুভব করি। কেবলই মনে হতে থাকে, কোথাও কিছু ফেলে এসেছি কি?

আগের সংবাদবিমান হামলায় আফগানিস্তানে আইএস প্রধান নিহত
পরবর্তি সংবাদচট্টগ্রামে অজ্ঞাত রোগে ৬ দিনে ৪ শিশুর মৃত্যু