ফের ভিডিও কনফারেন্সে হাসিনা-মোদি, বিকালে দুই প্রকল্প উদ্বোধন

ফাতেহ ডেস্ক: বাংলাদেশ-ভারতের মধ্যকার দু’টি প্রকল্পের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। মঙ্গলবার (১৮ জুলাই) বিকাল ৫ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্প দু’টি উদ্বোধন করবেন তারা। প্রকল্প দু’টি হল- বাংলাদেশ রেলওয়ের ঢাকা-টঙ্গী সেকশনে ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প এবং বাংলাদেশ-ভারত তেল পরিবহণ পাইপলাইন।

রেলওয়ে প্রকল্প :

ভারতীয় এলওসি এর অর্থায়নে বাংলাদেশ রেলওয়ের ঢাকা-টঙ্গী সেকশনে ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্প দু’টি উদ্বোধন করা হবে।

প্রকল্পসূত্র জানা গেছে, ঢাকা-টঙ্গী সেকশনে ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণের মূল লক্ষ্য হচ্ছে ঢাকা-টঙ্গী-জয়দেবপুর সেকশনের অধীন ট্রেন পরিচালনায় সেকশনাল ক্যাপাসিটি বৃদ্ধিকরণ। প্রকল্পটি সম্পন্ন হলে শহরতলী এবং অন্যান্য জেলায় যাত্রীদের রাজধানী ঢাকায় স্বাচ্ছন্দপূর্ণ ও সময় সাশ্রয়ী যাতায়াত সম্ভব হবে।

প্রকল্পটির জন্য ভারতীয় সরকার বরাদ্দ বরাদ্দ রাখছে ৯০২ কোটি ৬৩ লক্ষ ৪১ হাজার টাকা। বাংলাদেশ সরকার ২০৪ কোটি ১৬ লক্ষ ৬৭ হাজার টাকা। ভারতীয় ঠিকাদারী প্রতিষ্ঠান এফকন্স-কল্পতরু যৌথভাবে কাজটি করবে।

চুক্তির মেয়াদ কাজ শুরুর তারিখ হতে ৩৬ মাস। এতে এমব্যাংকমেন্ট সহ ৯৬ কিঃ মিঃ ডুয়েলগেজ রেল লাইন নির্মিত হবে। এছাড়াও কালভার্ট ২৫টি, প্লাটফর্ম ৬টি, প্লাটফর্ম সেড ৬টি, ফুটওভার ব্রীজ ১২টি, স্টেশন বিল্ডং ৪টি, এবং অন্যান্য নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

তেল পরিবহন লাইন :

ভারতের আসাম থেকে বাংলাদেশের পার্বতীপুর তেল ডিপো পর্যন্ত ১৩০ কিলোমিটার পাইপলাইনটি নির্মাণে বাংলাদেশেকে ৫২০ কোটি টাকা অনুদান হিসেবে দেবে ভারত। মোট ১৩০ কিলোমিটার পাইপ লাইনের মধ্যে ভারতে পড়েছে মাত্র ৫ কিলোমিটার আর বাংলাদেশ অংশে পড়েছে ১২৫ কিলোমিটার।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, বিদ্যুৎ-জ্বালানিখাতে সহায়তা সম্প্রসারণে ২০১০ সালে উভয় দেশ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে। ২০১৬ সালের জুনে রেলওয়ের মাধ্যমে তেল আমদানি শুরু করে বাংলাদেশ। পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ ও তেল পরিবহনের ঝামেলা কমাতে উভয় দেশ পাইপলাইন নির্মাণ করছে।

উল্লেখ্য, বাৎসরিক জ্বালানি চাহিদা প্রায় ৬০ লাখ মেট্রিক টনের মধ্যে ১৫ লাখ মেট্রিক টন দেশের অভ্যন্তরে পরিশোধন করা হয়। অবশিষ্ট পরিশোধিত তেল আমদানি করে বিপিসি।

বিপিসি’র চেয়ারম্যান মো. আকরাম-আল-হোসেন জানান, ভারত সীমান্ত এলাকা থেকে পাবর্তীপুর তেল ডিপো পর্যন্ত ১২৫ কিলোমিটার পাইপলাইন বসানোর জমি অধিগ্রহণ করে দেবে বিপিসি। ভারত এই প্রকল্পের দরপত্র আহ্বান করবে এবং পাইপলাইন নির্মাণ করে দেবে। এই প্রকল্পের ঠিকাদার নিয়োগ করবে ভারত। হিসেব করে দেখা গেছে, পাইপলাইন নির্মাণে ব্যারেল প্রতি এক দশমিক ৮৭ ডলার সাশ্রয় হবে।

বিপিসি চেয়ারম্যান জানান, ভারতকে আমরা প্রতি ব্যারেলে সাড়ে ৫ ডলার করে প্রিমিয়াম দিলেও বাৎসরিকভাবে ১০ থেকে ১২ কোটি টাকা লাভ হবে।
উল্লেখ্য, সম্প্রতি ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির উদ্বোধন করা হয়। এর মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের ভিডিও কনফারেন্সে মোদির সাথে পাইপলাইন নির্মাণের উদ্বোধন করতে যাচ্ছেন।

আগের সংবাদস্মার্টফোনের স্ক্রিন টয়লেটের চেয়েও তিনগুণ বেশি জীবাণুযুক্ত!
পরবর্তি সংবাদশ্রীলঙ্কার হিন্দু মন্দিরে পশুবলি নিষিদ্ধ