
ফাতেহ২৪ ইসলাম
যখন মানুষ মারা যায়, তখন তার সব পরিচয় মুছে যায়। মৃত্যু মানুষের সব পরিচয় মুছে দেয়। তখন শুধু ঈমান ও আমলে ছালেহ-এর পরিচয়টাই বাকি থাকে। আখেরাতে অন্য কোনো পরিচয় কাজে আসবে না। একমাত্র এই পরিচয়ই কাজে আসবে যে, সে মুসলমান, সে ঈমানদার।
সুতরাং মুসলমান পরিচয়টা যেহেতু আমাদের সবসময় কাজে আসবে সেহেতু এ পরিচয় আমাদের থেকে কখনো যেন ছুটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
আর দুনিয়াতেও যদি কেউ বাস্তব অর্থে সুখী হতে চায়, তাহলে তার জন্য এ পরিচয় অপরিহার্য।
পড়াশোনার লাইন ভিন্ন হলেও আমরা সকলেই কিন্তু এক। আমরা সকলেই মুসলমান। সারা বিশ্বের যেখানে যত মুসলমান আছে, আমরা সকলেই ভাই ভাই। আমাদের দেশ ও ভাষা ভিন্ন হতে পারে, শিক্ষাঙ্গন ভিন্ন হতে পারে, কিন্তু মুসলিম পরিচয়ের সূত্রে আমরা এক, আমরা ভাই ভাই। মুসলিম পরিচয় সূত্রের এই যে বন্ধন এটা কিন্তু আমাদের থেকে কিংবা আমাদের বাপ-দাদাদের আমল থেকে শুরু হয়নি। এটা এসেছে সাহাবাদের যুগ থেকে। তাঁরা পেয়েছেন নবী কারীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি পেয়েছেন আল্লাহ তাআলা থেকে। তার আগে আরো অনেক নবী অতিবাহিত হয়েছেন।
হযরত আদম আ., হযরত নূহ আ., হযরত ইবরাহীম আ., হযরত ইদরীস আ., হযরত ইসহাক আ., হযরত ইয়াকুব আ. …তাঁরা সকলেই মুমিন ছিলেন এবং এ পরিচয়ে পরিচিত ছিলেন। দুনিয়ায় মানবকুলের মধ্যে সবচেয়ে সেরা হলেন নবীগণ। এই সেরা গোষ্ঠীর সাথে যদি আমাদের মিল থাকে তাহলে আমরাও সেরা হয়ে যাব। সেই মিল হল, তাঁরা মুমিন ছিলেন, তাঁরাও আল্লাহকে এক বলে বিশ্বাস করতেন, আমরাও মুমিন, আমরাও আল্লাহকে এক বলে বিশ্বাস করি। এই ঈমানের বাঁধনের মাধ্যমে আমরা তাঁদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম।
যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই পরিচয়টুকু ধরে রাখতে পারি তাহলে এর মাধ্যমে মানবকুলের সর্বশ্রেষ্ঠ গোষ্ঠীর সাথে আমাদের একটা সম্পর্ক হয়ে যাবে। এর মাধ্যমে আমাদের দুনিয়ার জীবনও শ্রেষ্ঠ হবে এবং মৃত্যুর পরও ইনশাআল্লাহ এর মাধ্যমে শ্রেষ্ঠ জীবন লাভ করব।
এটা হল এক দিকের কথা। আরেক দিক থেকে দেখ, আমাদের কাছে বাবা-মায়ের পরিচয় সবচেয়ে বড়। আমরা কোন্ বংশের, আমার বাবা, আমার দাদা, আমার নানা কোন্ বংশের, তাদের পরিচয়েই আমরা পরিচিত হই। একজন মানুষ যত বড় শিক্ষিতই হোক, সে তার বাবার পরিচয়েই বড় হয়, চাই তার বাবা কৃষকই হোক না। কোনো সন্তান যদি তার বাবার পরিচয়কে অস্বীকার করে তাহলে সে যত বড় শিক্ষিতই হোক না কেন সে কোনো আদর্শ সন্তান হতে পারে না। তো আমাদের আসল বাবা কে?
আমরা হলাম বনী আদম, আদম সন্তান। আমাদের আদি পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাম। সকল মানবকুলের সূচনা হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে। সুতরাং আমাদের আদি পিতা যেমন ছিলেন আমাদের তেমনি থাকা উচিত। তিনি তো এক আল্লাহ্র উপর বিশ্বাসী ছিলেন। জীবনভর তাঁর ইবাদত করে গেছেন।
এবং এই পরিচয় নিয়েই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো আদর্শ সন্তান হল সেই, যে বাবার এই পরিচয়টাকে ইয়াদ রাখে, স্মরণ রাখে। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে, যে এই পরিচয় বহন করেনি, সে হয়ত খ্রিস্টান, ইহুদী বা অন্য ধর্মাবলম্বী। তারা বাবার ঐ পরিচয়টাকে ধরে রাখেনি। তারা আদম আ.-এর সন্তান, কিন্তু আদম আ.-এর এই বৈশিষ্ট্য তারা ধরে রাখেনি।
তাই তারা বলতে পারবে না- তারা বাবার আদর্শ সন্তান। আদমের সন্তান বলতে হলে আদমের বৈশিষ্ট্যাবলি তাদের মধ্যে থাকতে হবে। এক আল্লাহ্র উপর বিশ্বাসী হতে হবে, যেভাবে হযরত আদম আ. এক আল্লাহ্র উপর বিশ্বাসী ছিলেন। সারা জীবন তাঁরই ইবাদত করে গেছেন। যদি আমরা প্রকৃত আদম সন্তান হতে চাই তাহলে আদম আ., নূহ আ., হযরত ইবরাহীম আ., সর্বশেষ নবী হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- তাঁদের পরিচয়টা আমাদের ভেতর রাখতে হবে।
আমাদের সম্পর্ক শুধু বাংলাদেশের এই কয়েক কোটি মানুষের সাথেই না। আমাদের সম্পর্ক আরো আগ থেকে শুরু হয়েছে। এখানেই শেষ নয়। আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর সাথে আমাদের এই রিলেশন, এই ঈমানী সম্পর্ক। এই ঈমানী কালিমা- লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ঈমানী কালিমার মাধ্যমে আমাদের সম্পর্ক তাদের সাথে হচ্ছে, যারা মানবকূলের মধ্যে সবার চেয়ে সেরা।
আমরা যে কোনো শিক্ষায় শিক্ষিত হই না কেন আমাদের এই পরিচয়টা সবচেয়ে বড়। এই পরিচয়টা যদি আমরা ধারণ করতে পারি, তাহলে দুনিয়ার জীবনের যখন অবসান ঘটবে তখন আখেরাতের জীবনে অনন্তকাল পর্যন্ত আমরাও ঐ শ্রেষ্ঠদের সাথে মিলিত হয়ে যাব, আমাদের ওই ঈমানী পরিচয়ের কারণে এবং ঈমানী পরিচয়ের হক আদায় করার কারণে।
এই হল এক কথা। যে কোনো পরিচয়ের একটা বৈশিষ্ট্য থাকে। আমাদের পরিচয় আমরা মুসলমান, আমরা মুমিন। এই পরিচয়েরও কিছু বৈশিষ্ট্য আছে, কিছু দাবি আছে। একটা কাজ তো হল আমরা আল্লাহকে বিশ্বাস করব। অন্য কাউকে সিজদা করব না। অন্য কারো ইবাদত করব না। আল্লাহ্রই ইবাদত করব।
আমাদের এই সিজদা এটা আল্লাহ্র জন্য সুনির্ধিারিত। সারা জীবন এই শিক্ষা মনে রাখব। যে কেউ বোঝাক আমাকে; যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাকে শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন, যিনি আমাকে সুন্দর করে বানিয়েছেন, আমার সিজদার হক একমাত্র তাঁর। আল্লাহ্ তাআলার প্রতি আমাদের এই বিশ্বাস, আমাদের প্রতি আল্লাহ তাআলার এই হক।
