তালেবানদের হামলায় অন্তত ৩২ আফগান সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে সরকার সমর্থিত মিলিশিয়াদের তল্লাশিচৌকিতে তালেবান হামলায় অন্তত ৩২ আফগান সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির প্রাদেশিক কর্মকর্তারা।

শান্তি আলোচনা নিয়ে কথা-বার্তা চললেও ১৭ বছর ধরে চলা এ যুদ্ধে চলতি শীতেও হামলা অব্যাহত রেখেছে তালেবান। উত্তরাঞ্চলীয় প্রদেশ কুন্দুজ, বাগলান, তাকহার ও পশ্চিমের বাদগিসে আমেরিকার আজ্ঞাবহ আফগান সরকারের বিভিন্ন বাহিনীর ওপর এসব হামলা চালিয়েছে তারা।

কুন্দুজের কালা-ই-জাল জেলার প্রধান আহমাদ ফাহিম কারলাখ বলেন, কয়েকদিন আগে নিরাপত্তা বাহিনীর চৌকিতে তালেবানের ব্যাপক হামলায় অন্তত ১০ সেনা ও পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১।

বাগলান ও তাকহার প্রদেশেও সম্প্রতি সরকারপন্থী মিলিশিয়া গ্রুপের ১৬ সদস্যকে হত্যা করেছে তালেবান।

বাগদিসের গভর্নরের মুখপাত্র জামশিদ শাহাবি বলেন, তাদের নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

এসব হামলার দায় স্বীকার করেছেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, তারা সরকারি বাহিনীর কয়েক ডজন সদস্যকে হত্যা, বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছেন।

চলতি শীতে তালেবানের এসব হামলায় অনেকটা পর্যুদস্ত হয়ে আছে আমেরিকার আজ্ঞাবহ আফগান সরকারের বাহিনী।

তালেবান হামলায় আমেরিকার আজ্ঞাবহ আফগান সরকারের বিভিন্ন বাহিনীকে নিজেদের কৃতকর্মের খেসারত দিতে হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমি খালিলজাদ আফগান তালেবানের সঙ্গে তিন দফা শান্তি আলোচনা করেছেন। যদিও চতুর্থ দফা বৈঠক বাতিল ঘোষণা করেছে তালেবান।

আগের সংবাদএসএসসিও পাস করেননি ১২ সাংসদ
পরবর্তি সংবাদএবার ওআইসি মহাসচিব অভিনন্দন জানালেন শেখ হাসিনাকে