
ফাতেহ ডেস্ক: বাংলাদেশে জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও স্বচ্ছ করতে সহায়তা করবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।
নির্বাচনের আগে ও পরে সব রাজনৈতিক দলকে সহনশীল আচরণের পরামর্শ দিয়েছেন দেশ দুটির রাষ্ট্রদূতেরা। রাজধানীতে সকালে প্রধান দুই দলের তৃণমূলের ৪০০ নেতার শপথ অনুষ্ঠানে তারা এ পরামর্শ দেন।
“শান্তি জিতলে জিতবে দেশ “- স্লোগান নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৃণমূল রাজনীতিকদের শপথ অনুষ্ঠানের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।
রেজওয়ানা চৌধুরী বন্যা ও তার দলের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।
অনুষ্ঠানে বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় শান্তিপূর্ণ নির্বাচনের ওপর জোর দেন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দুই রাষ্ট্রদূত। সব দলের অংশগ্রহণে নির্বাচনে সহায়তা দেয়ার আগ্রহও জানান তারা।
দুই বিদেশী রাষ্ট্রদূতের সঙ্গে একমত পোষণ করেন আওয়ামী লীগ ও বিএনপির দুই জ্যেষ্ঠ নেতা। ভোটযুদ্ধের সময়েও নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার ওপর জোর দেন তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্ষুদে শিশুদের পরিচালনায় শান্তির জন্যে অঙ্গীকার করেন সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ ও বিএনপির নেতারা।
