নিষিদ্ধ হচ্ছে এনার্জি ড্রিংক

ফাতেহ ডেস্ক: নিষিদ্ধ হচ্ছে সব ধরনের এনার্জি ড্রিংক উৎপাদন, আমদানি ও বিক্রি। এধরনের পানীয়তে ক্ষতিকর মাত্রায় নেশাদ্রব্য ক্যাফেইন থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অনুমোদন না থাকলেও বাজারে হাত বাড়ালেই মেলে বিভিন্ন ব্র্যান্ডের এনার্জি ড্রিংকস। মান নিয়ে প্রশ্ন উঠায় বাজারের ৭টি কোম্পানির এনার্জি ড্রিংক পরীক্ষা করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। পরীক্ষায় সব পানিয়তেই পাওয়া যায় সহনীয় মাত্রার তিনগুণ বেশি ক্যাফেইন।

এ প্রেক্ষিতে এনার্জি ড্রিংকের মান নির্ধারণে দেশের ভোক্তাদের মতামত আহ্বান করে বিএসটিআই। এতে এনার্জি ড্রিংকের লাইসেন্স না দেওয়ার পক্ষে মত দেন বেশিরভাগ মানুষ। অবশেষে, গত ২৯ জুলাই বিএসটিআইয়ের সভায় সিদ্ধান্ত আসে এনার্জি ড্রিংক নিষিদ্ধের।

বিএসটিআই অনুমোদিত ১৫৫টি পণ্যের তালিকায় এ ধরনের পানীয় নেই। কার্বোনেটেড বেভারেজ হিসেবে অনুমোদন নিয়ে তা এনার্জি ড্রিংকস লিখে বাজারজাত করছে কোম্পানিগুলো।

নিষিদ্ধ হওয়ার পরও কোনো প্রতিষ্ঠান এগুলো বাজারজাত করলে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা।

আগের সংবাদঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএস বাংলা
পরবর্তি সংবাদ‘সাংবাদিকরা প্রতিনিয়ত অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছেন’