ধর্মপ্রতিমন্ত্রী যাননি, সাদপন্থী ওয়াসিফ নিজেরাই গেলেন নিজামুদ্দিন

মুসান্না মেহবুব

আসন্ন বিশ্ব ইজতেমা ২০১৯-এ সাদ সাহেবকে আমন্ত্রণ জানাতে মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ শিগগির দিল্লির নিজামুদ্দিনে অবস্থিত তাবলিগ মারকাজ সফর করবেন মর্মে একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপকভাবে ছড়িয়েছিলেন সাদপন্থী তাবলিগিরা। সাদপন্থী বিভিন্ন সংবাদ মাধ্যমও ঢালাওভাবে প্রচার করছিল এ সংবাদটি।

এ সংবাদের সত্যতা যাচাই করতে গিয়ে জানা গেছে, মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী সাদগ্রুপের এক আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে বলেছিলেন তাবলিগ সমস্যা নিরসনে, আপনাদের মতানৈক্য দূর করতে যদি নিজামুদ্দিনও আমাকে যেতে হয়, আমি যাওয়ার চেষ্টা করব। তবে সাদ সাহেবের সঙ্গে সরাসরি কোনো আলাপে বসবেন না বলে জানান তিনি।

আরও পড়ুন : ধর্মপ্রতিমন্ত্রীর আমন্ত্রণে সাদ সাহেব আসছেন?

ধর্মপ্রতিমন্ত্রীর এ কথার ওপর ভিত্তি করেই সাদপন্থীরা ঢালাওভাবে প্রচার করেছিলেন যে তিনি সাদ সাহেবকে বিশ্ব ইজতেমায় আমন্ত্রণ জানাতে নিজামুদ্দিন যাচ্ছেন। অথচ গত ২৩ জানুয়ারির বৈঠকে ওলামায়ে কেরাম যৌথ উদ্যোগে ইজতেমার আয়োজনের ব্যাপারে সমোঝতাই করেছিলেন এই শর্তের ওপর ভিত্তি করে যে, মাওলানা সাদ বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে পারবেন না।

তাবলিগের বিশ্বস্ত সূত্রে পাওয়া সর্বশেষ খবর হলো, সাদপন্থীদের নেতা ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল দিল্লির নিজামুদ্দিন মারকাজে গেছেন। তবে ধর্মপ্রতিমন্ত্রী বা সরকার ও প্রশাসন সংশ্লিষ্ট কেউ নেই এই দলে। নিজামুদ্দিনে মাশওয়ারার জন্য গেলেও ঠিক কী বিষয়ে মাশওয়ারা হবে এবং কী সিদ্ধান্ত নিয়ে তারা সেখান থেকে ফিরবেন, তা স্পষ্ট করে বলতে পারছেন না কেউ।

আগের সংবাদইসরায়েলকে অংশগ্রহণ করতে না দেওয়ায় মালয়েশিয়াকে সুইমিং চ্যাম্পিয়নশিপে আয়োজক হতে দেওয়া হলো না
পরবর্তি সংবাদনায়িকার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন আলজেরিয়ার মুসলিম স্কলার