একাদশ সংসদ নির্বাচনে আ.লীগের নতুন মুখ ৪৬

ফাতেহ ডেস্ক: এবারের নির্বাচনে আওয়ামী লীগের নতুন মুখ ৪৬ জন। এ তালিকায় আছেন সাবেক সচিব, আইজিপি, প্রধানমন্ত্রীর একান্ত সচিবও। ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজাসহ প্রথমবারের মতো ভোটে আসছেন দলটির ছয় কেন্দ্রীয় নেতা। তবে দলের মনোনয়ন বঞ্চিত ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা।

একাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোটে লড়ছেন আওয়ামী লীগের ২৫৮ প্রার্থী। এর মধ্যে প্রথম নির্বাচনে আসছেন ৪৬ জন, তাদের ৬ জনই কেন্দ্রীয় নেতা।

চট্টগ্রাম ৯-এ প্রার্থী হয়েছেন প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ কে এম এনামুল হক শামীম লড়ছেন শরীয়তপুর-২ আসনে। প্রথমবারের মতো এমপি হওয়ার দৌড়ে নেত্রকোনা-৩ আসনে অসীম কুমার উকিল, পিরোজপুর-১-এ শ ম রেজাউল করিম, মাদারীপুর-৩-এ আবদুস সোবহান গোলাপ। শরীয়তপুর-১ আসনে নির্বাচন করছেন ইকবালুর রহিম অপু।

আওয়ামী লীগের নতুন মুখের তালিকায় বড় চমক নড়াইল-২ আসনে জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজা। ঢাকা-১৭-য় নৌকায় ভোটে লড়ছেন চিত্রনায়ক ফারুক।

ফরিদপুর-১ আসনে রূপালী ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব মনজুর হোসেনকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ ভোটে লড়ছেন কিশোরগঞ্জ-২ আসনে।

সিইসির ভাগনে এস এম শাহজাদাকে পটুয়াখালী- ৩ আসনে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। মাগুড়া-১-এ প্রথম মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর। ঢাকা-১ আসনে প্রথমবারের মতো নৌকায় ভোটে আসছেন আওয়ামী লীগের সভাপতির বেসরকারি খাত-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

এছাড়া, বাগেরহাট-২, টাঙ্গাইল-৩, ঢাকা-১৩, কুমিল্লা-২, টাঙ্গাইল-৬ ও ৮, নওগাঁ-৫, নেত্রকোনা ১ ও ২, গাজীপুর-৩, জামালপুর-৪ ও ৫, পাবনা-২ ও খুলনা-৬ আসনে নতুন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ।

তবে এবারের নির্বাচনে মনোনয়ন পাননি সাবেক-বর্তমান হেভিওয়েট দুই মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও রেজাউল করিম হীরা। দলের মনোনয়ন দেয়া হয়নি কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, বাহাউদ্দিন নাসিম ও বি এম মোজাম্মেল হক।

আগের সংবাদখালেদা জিয়ার প্রার্থীতা নিয়ে রিটের আদেশ আজ
পরবর্তি সংবাদডিসেম্বর শেষে দৈনিক আসবে ৫০ কোটি ঘনফুট গ্যাস