শ্রমবাজারের চাহিদার সঙ্গে শিক্ষার আসন বরাদ্দের অসামঞ্জস্য

ফাইজ তাইয়েব আহমেদঃ 

কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার বিষয় ও আসন বিন্যাস গতানুগতিক। শ্রমবাজারের মোট বার্ষিক চাহিদানির্ভর নতুন নতুন বিষয় চালু ও পুরনো বিষয় পরিবর্তনের ধারা প্রতিষ্ঠিত হয়নি। নতুন ও বিশেষায়িত চাহিদার স্কিল সেটগুলোয় পর্যাপ্ত মানবসম্পদের অভাব রয়েছে, আবার সরকার বিসিএস সাধারণ ক্যাডারের নাম করে বিশেষায়িতদের অনুৎপাদনশীল দাপ্তরিক কাজে নিয়োগ দিচ্ছে। কারিগরি শিক্ষার সঙ্গে দীর্ঘমেয়াদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ও উচ্চমান ট্রেনিং, বাজারের ঝোঁক ও সমস্যার কেস স্টাডি, থিসিস এবং মূল্যায়ন ব্যবস্থার যোগ না থাকায় স্কুলশিক্ষার সঙ্গে কারিগরি শ্রমের বাজার চাহিদার বিস্তর ফারাক তৈরি হয়েছে। বেসরকারি খাতে বেতন কম ও দীর্ঘ শ্রমঘণ্টা থাকার কারণেও সরকারি খাতে আগ্রহ বাড়ছে। মেধা ও উৎপাদনশীল খাতের ভারসাম্য নষ্ট হচ্ছে এতে। ফলে কর্ম খালি থাকলেও বাজারে মানসম্পন্ন মানবসম্পদ নেই প্রকট যোগ্য লোকের অভাবে। অর্থাৎ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও যোগ্য লোক তৈরির আদলে তৈরি করা হয়নি, যা বিদেশীদের কর্মসংস্থান উন্মুক্ত করছে বেশ ভালোভাবে।

সরকারি-বেসরকারি খাতে গবেষণা হচ্ছে একেবারেই কম। সরকারি বিশ্ববিদ্যালয়ের মোট বাজেটের মাত্র ২ শতাংশ গবেষণায় ব্যয় হয়। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভালো মানের গবেষণা হচ্ছে। কিন্তু গবেষণাকর্ম কাগজেই থেকে যাচ্ছে। গবেষণার সুফল গ্রাহক প্রান্তে না আসায় গবেষক কাজ শেষে কার্যত বেকার হয়ে পড়েন বা বিদেশে চলে যাওয়ার চেষ্টায় থাকেন। কর্মসংস্থানে দেশী গবেষক ও গবেষণা অবহেলিত বলে বিভিন্ন খাতে উন্নয়নের টেকসই দিকগুলোও অবহেলিত থাকছে, কর্মসংস্থান তো বটেই।

অন্যদিকে সেমিস্কিল কাজের (নির্মাণ শ্রম, প্লাম্বিং, কার্পেন্টিং, পেইন্টিং, ওয়েল্ডিং, অটোমোবাইল, ইলেকট্রিশিয়ান, গৃহশ্রম ইত্যাদি) শত শত স্বল্প কারিগরি সক্ষমতার কর্মসংস্থানকে সহজ প্রশিক্ষণের মাধ্যমে সনদসহ প্রতিষ্ঠানিকীকরণ করা হয়নি বলে এসব খাতে কাজ করা লোকেরা স্বীকৃতিহীন থাকছে, আনুষ্ঠানিক নিয়োগ পাচ্ছে না। ফলে এ খাতগুলো এজেন্টের মাধ্যমে আউটসোর্স হয়ে পড়ায় মূল শ্রমিকরা ঠকছেন। আরেকটি দিক হচ্ছে, স্বীকৃতি না থাকায় এ খাতগুলো পেশা হিসেবেও জনপ্রিয় হচ্ছে না। স্বল্পসংখ্যক সেমিস্কিল্ড শ্রমিক দীর্ঘ শ্রমঘণ্টায় রাত-দিন কাজ করছেন এবং এতে ব্যাপক কমিশন হাতিয়ে নিচ্ছে দালাল বা এজেন্ট। অথচ এ খাতগুলোকে সনদসহ প্রাতিষ্ঠানিক করে এর সঙ্গে মানবিক শ্রমঘণ্টার বিধান আনা গেলে এখানে প্রচুর লোকের কর্মসংস্থান হতে পারে।

আগের সংবাদইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীর প্রচারণায় নেমেছেন চরমোনাই পীর
পরবর্তি সংবাদআরেকটি ইসলামিক জোট নিয়ে আসছে মিসবাহুর রহমান