
ফাতেহ ডেস্ক :
জেলা পর্যায়ে আরেকটি বড় ওজাহাতি জোড় হলো কিশোরগঞ্জে। গতকাল ১৪ আগস্ট কিশোরগঞ্জের শহীদী মসজিদে অনুষ্ঠিত এ জোড়ে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন স্তরের তাবলীগী ও আলেম তাবলীগী সাথী এবং শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম। দিল্লির মাওলানা সাদ সাহেবকে ঘিরে তাবলীগ জামাতে যে সঙ্কট তৈরি হয়েছে তা থেকে উত্তরণের লক্ষ্যে এ ওজাহাতী জোড়ে পাঁচটি সিদ্ধান্ত গৃহীত হয়।
কিশোরগঞ্জের জোড়ে ওজাহাতি বয়ান পেশ করেন তাবলীগ জামাতের বিশিষ্ট মুরব্বী মুফতি নজরুল ইসলাম। গত ২৮ জুলাই ঢাকার মোহাম্মদপুরে অনুষ্ঠিত ওজাহাতি জোড়ের সিদ্ধান্তাবলীর সঙ্গে কিশোরগঞ্জের এই জোড়ে পূর্ণ ঐকমত্য ঘোষণা করা হয়। এছাড়াও সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, এখন থেকে কাকরাইলের শুরা সদস্য উলামায়ে কেরামের দিক নির্দেশনা মেনে কিশোরগঞ্জে দাওয়াত ও তাবলীগের কাজ চলবে।
সঙ্কট শুরু হওয়ার পর থেকে কাকরাইল থেকে আসা কোনো চিঠি কিশোরগঞ্জ মারকাজে খুলে পড়া হতো না। এখন থেকে আগত চিঠি পড়া হবে এবং সিদ্ধান্তাবলী অনুসরণ করা হবে। সিদ্ধান্তে এও জানানো হয় যে, গত বছর জেলা তাবলীগ জামাতের ইজতেমা কিশোরগঞ্জেই অনুষ্ঠিত হয়েছিল। এবছর টঙ্গীতে অনুষ্ঠেয় ইজতেমায় কিশোরগঞ্জের সাথীরা যোগ দেবেন। একইসাথে এবারের পুরানা সাথীদের জোড়ও ৭–১১ ডিসেম্বর ১৮ তারিখে টঙ্গীতে অনুষ্ঠিত হবে।
