
ওমর ফারুক:
‘উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ’ এমন ক্যাপশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে বন্দরনগরী ও রাজধানীর জলাবদ্ধতার ভয়াবহ চিত্র। দুই নগরীর সাধারণ মানুষজন জলাবদ্ধতায় বিরক্ত হয়ে ছবির ক্যাপশনে এ ধরণের তিরস্কারমূলক বক্তব্য লিখে যাচ্ছেন। গত কয়েকদিনের টানা বর্ষণে দুই নগরীর মানুষজন আছেন চরম দুর্ভোগে। অপরদিকে সর্বশেষ বুধবার কক্সবাজার শহর ও রামুতে চার ভাইবোনসহ পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে; আহত হয়েছেন দু’জন। কিছুদিন আগে রাঙ্গামাটিতে পাহাড়ধসে মৃত্যু হয় চারজনের। এর আগে পাহাড়ধসের ঘটনা ঘটেছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পেও। ঝুঁকির মুখে আছেন প্রায় আড়াই লাখ রোহিঙ্গা শরণার্থী।
বর্ষার মৌসুমে এ দুটি আতঙ্ক ও দুর্ভোগ নিয়ে জীবন যাপন করতে হচ্ছে। একটানা বৃষ্টি এখন কোথাও দুর্ভোগ, আবার কোথাও মৃত্যুঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। টানা বৃষ্টির ফলে দেশের পার্বত্য অঞ্চলে পাহাড়ধসের ঘটনা এখন বলা যায় নিয়মিত ব্যাপারে পরিণত হয়েছে। গত চার পাঁচ বছর যাবত এ সংখ্যা ভয়ানকভাবে বৃদ্ধি পেয়েছে।
নিয়ম ভেঙে পাহাড় কাটা এবং বৃক্ষ নিধনের কারণে পাহাড়ের মাটি নরম হয়ে পড়ছে। ফলে টানা বৃষ্টিতে ধসে পড়ছে পাহাড়। ১০ লাখের বেশি রোহিঙ্গার জন্য থাকার ব্যবস্থা করতে গিয়ে কক্সবাজারের পাহাড়ি এলাকার পরিবেশের ব্যাপক ক্ষতি হওয়ায় ধসের ঝুঁকি বেড়ে গেছে বহুগুণ। পাহাড়ের উপর ও তলদেশে মানুষের বসবাস বন্ধ করা না গেলে এ ঝুঁকি থেকেই যাবে।
অপরদিকে গত দু’দিনের বৃষ্টিতে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। গতকাল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ এলাকায় নগরবাসীকে কোমর সমান পানিতে নিমজ্জিত রাস্তায় রীতিমতো নৌকায় চলাচল করতে দেখা গেছে।
টানা বর্ষণে রাজধানীর জলাবদ্ধতার দুর্ভোগ কোনো কোনো ক্ষেত্রে বন্দরনগরীর চেয়েও বেশি। রাজধানীর বেশিরভাগ প্রধান সড়ক ছোট-বড় খানাখন্দে পূর্ণ। অলিগলির অবস্থা আরও খারাপ। বৃষ্টি হলে রাস্তাগুলো ছোটখাটো খালে পরিণত হয়। এর ওপর মাসের পর মাস ধরে চলছে রাস্তা খোঁড়াখুঁড়ি।
এ পরিস্থিতিতে প্রায় প্রতিটি সড়কে যানজট ভয়াবহ আকার ধারণ করে। অন্যদিকে প্রকট হয়ে ওঠে যানবাহনের অভাব। সব মিলিয়ে টানা বৃষ্টিতে নগরবাসীর দুর্ভোগের সীমা থাকে না। বর্ষা মৌসুমে এ পরিস্থিতি যেন নগরবাসীর নিয়তি হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা বলা হয়, এরপর বছরের বাকি সময় তা নিয়ে আর উচ্চবাচ্য শোনা যায় না।
বাংলাদেশের বড় দুই চ্যালেঞ্জ
বাংলাদেশের মৌসুমকালীন দুর্ভোগ ও চ্যালেঞ্জ পাহাড় ধস। বর্ষকালেই মূলত পাহাড় ধসের সবচেয়ে বেশি আশঙ্কা থাকে। এবার বর্ষাকাল শুরু হয়েছে মাত্র। আবহাওয়া অফিস বলছে আগামী সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি চলবে, অর্থাৎ এখনো দুমাসেরও বেশি বর্ষাকাল স্থায়ী হবে। কক্সবাজারের গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিপাত হচ্ছে, যার ফলে পাহাড়ের পাদদেশে বাস করা এসব মানুষের জীবন আরো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
বেসরকারি একটি সংস্থা উপকূলীয় পল্লী উন্নয়ন পরিষদ বলছে কক্সবাজারের বিভিন্ন এলাকায় প্রায় আড়াই লাখ পরিবার পাহাড়-ধসের ঝুঁকির মধ্যে রয়েছে। সংস্থাটির নির্বাহী প্রধান নুরুল আমিন সিদ্দিক গণমাধ্যমকে জানিয়েছেন, টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, রামু, চকোরিয়া, পেকুয়া এসব এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে সারাদেশের মধ্যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হচ্ছে কয়েকদিন ধরেই। আর এই বৃষ্টিপাতের তিনটি কারণ।
একটি হল একটা লঘুচাপের বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, মৌসুমী বায়ু সারা দেশের উপর প্রবল রয়েছে এছাড়া বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বাংলাদেশের উপর প্রবাহিত হচ্ছে।
জলাবদ্ধতা রোধে করণীয়
বিভিন্ন শহরে জলাবদ্ধতার বিভিন্ন কারণ। রাস্তা নির্মাণের নামে ঢাকা সিটি করপোরেশন খাল দখল অব্যাহত রেখেছে। ঢাকাকে জলাবদ্ধতা মুক্ত করতে হলে খালগুলো সংস্কারের বিকল্প নেই। অবৈধ দখলে থাকা খাল উদ্ধার করতে হলে একে দ্রুত ট্রাইব্যুনাল আইনের আওতায় আনতে হবে। ডাব্লিউবিজি ট্রাস্ট আয়োজিত একটি সভা থেকে এমন পরামর্শ দেওয়া হয়েছে। চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা সমস্যার সমাধানে পরামর্শ দিয়েছেন প্রকৌশলী দেলোয়ার মজুমদার। তিনি বলেন, জলাবদ্ধতা রোধ করতে হলে প্রথমেই এর কারণ ও চরিত্র কী, তা জানতে হবে। এর সমাধানের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো কী কী তা-ও জানতে হবে। এরপর খুঁজে বের করতে হবে এই সমস্যা সমাধানের জন্য যথাযথ পরিকল্পনা আছে কি না। পরিকল্পনা প্রণয়নের পর তা বাস্তবায়নের উপায়গুলো খুঁজে বের করতে হবে।
তিনি বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত এই সমস্যা রাতারাতি দূর করা যাবে না। সর্বোচ্চ আন্তরিকতা ও সামর্থ্য নিয়ে যদি এখনই কাজ শুরু করা যায়, তাহলে দু-তিন বছরের মধ্যে জলাবদ্ধতার সমস্যা সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে। একই গতিতে ১০-১২ বছর কাজ করলে চট্টগ্রামকে ৫০-৬০ বছরের জন্য রক্ষা করা যাবে। অবশ্য প্রাকৃতিক বিপর্যয় হলে ভিন্ন কথা। দীর্ঘ মেয়াদে এই সমস্যা নিরসনের জন্য প্রয়োজন পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকার। প্রতিবছর অন্তত ৫০০ কোটি টাকা বরাদ্দ দিতে হবে। আর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের সক্ষমতা বৃদ্ধি করে সব সেবা সংস্থাকে মেয়রের কাছে জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে।
তবে জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে আনার জন্য এ মুহূর্তে কিছু কাজ শুরু করা যেতে পারে। প্রথমেই নগরের নালা-নর্দমা ও খালগুলো দখলমুক্ত করতে হবে। অবৈধ সব স্থাপনা অপসারণ করলে পানি নিষ্কাশন দ্রুত ও সহজ হবে। নালা ও খালের ভেতর থাকা সেবা সংস্থার পাইপলাইন সরিয়ে নিতে হবে। নালা-নর্দমা ও খালগুলোর কারিগরি ত্রুটি সংশোধন করতে হবে। নালা-নর্দমা ও খালে যাতে কেউ আবর্জনা ফেলতে না পারে সে ব্যবস্থা নিশ্চিত করতেই হবে। অন্ততপক্ষে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে জোয়ার প্রতিরোধক ফটক নির্মাণ করতে হবে। এসব কাজ করার জন্য বিপুল অর্থের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু আন্তরিকতা। অবশ্য এসব কাজ বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে আইনি সহযোগিতা দিতে হবে। জলাবদ্ধতা নিরসনের ব্যাপারে সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়গুলোকে সক্রিয় ও দায়বদ্ধ করতে হবে। এসব কাজ করা গেলে জলাবদ্ধতা যখন সহনীয় পর্যায়ে আসবে, তখন দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো বাস্তবায়নের সুযোগ পাওয়া যাবে।
পাহাড় ধস রোধে করণীয়
পাহাড় ধস প্রতিরোধের বিষয়ে গত দু’দশক ধরে যথেষ্ট আলোচনা ও সমালোচনা হয়ে আসছে। ২০০৭ সালে চট্টগ্রাম বন্দর নগরীর তিনটি স্থানে একই দিনে ১২৩ জন মারা যাওয়ার নজিরবিহীন ঘটনা ঘটে যাওয়ার পর সরকারের উর্ধতন মহলে হৈ চৈ উঠেছিল। বিভিন্ন সংস্থার পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেয়ার দাবি জোরাল হয়েছিল। কিন্তু আশানুরূপ ফল আমরা লক্ষ্য করিনি। বরং দেখা যায়, প্রতিবার যখন পাহাড় ধস ও প্রাণহানির ঘটনা ঘটছে, তখন সরকার ও প্রশাসনের টনক নড়ে।
পাহাড় কাটা প্রতিরোধের জন্য সঠিক পদক্ষেপ ও সময়োপযোগী নীতিমালা অবিলম্বে প্রণয়ন করা প্রয়োজন। সে সঙ্গে পাহাড়ের অবৈধ দখলদার, ভূমিদস্যু তথা ডেভেলপার ও রিয়েল এস্টেট কোম্পানিসহ পাহাড় কাটার সঙ্গে জড়িত ও সহযোগিতাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। মনে রাখতে হবে, পাহাড় কোন ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি নয়। এটা প্রকৃতি প্রদত্ত সম্পূর্ণ জাতীয় সম্পদ। এর সঠিক রক্ষণাবেক্ষণই পারে দেশকে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করতে।
চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, মৌলভীবাজার ইত্যাদি জেলা মূলত পাহাড় ঘেরা প্রকৃতি নিয়ে সজ্জিত। এ সব এলাকা এক সময় পাহাড় দ্বারা আবৃত ছিল। কালের পরিক্রমায় জনসংখ্যা বৃদ্ধিতে এসব পাহাড়ী এলাকার বন-জঙ্গল ও পাহাড় কেটে সমান্তরাল করা হয়েছে। এমন চললে অদূর ভবিষ্যতে দেশে পাহাড় থাকবে কিনা তা বলা বড়ই মুশকিল। সবুজ-শ্যামল এই বাংলাদেশে যদি কখনও পাহাড় শূন্য তথা মরুভূমির দেশে পরিণত হয়, তাহলে আমাদের আগামী প্রজন্মের জন্য দুর্ভাগ্যের। কাজেই পাহাড় সংরক্ষণ তথা প্রকৃতি প্রদত্ত এই জাতীয় সম্পদ রক্ষার্থে দেশের সমাজ সচেতন মানুষসহ আপামর জনসাধারণকে এখন থেকে এর প্রতিকারের কথা গুরুত্বসহকারে ভাবতে হবে।
