
ওমর ফারুক:
মাত্র ৫ লাখ ফিলিস্তিনিকে শরণার্থীর মর্যাদা দেওয়ার পরিকল্পনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ৫ লাখ স্বীকৃত ফিলিস্তিনি শরণার্থীদের চিহ্নিত করার প্রতিবেদন প্রকাশ করবে। যা জাতিসংঘের তালিকায় থাকা শরণার্থীদের দশ ভাগের এক ভাগ।
জাতিসংঘের হিসাব মতে, এখন ফিলিস্তিনি শরণার্থীর সংখ্যা প্রায় ৫০ লাখ। ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ’র নীতিগত পরিবর্তন আনার জন্য এমন উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
আরব-ইসরায়েল প্রথম যুদ্ধের পর ৭ লাখ ফিলিস্তিনিকে তাদের বসত-ভিটা থেকে উচ্ছেদ করার পর ১৯৪৯ সালে ইউএনআরডব্লিউএ গঠন করা হয়। তারা এখন প্রায় ৫০ লাখ শরণার্থীকে সহায়তা করে থাকে।
ইউএনআরডব্লিউএ’র দেওয়া ফিলিস্তিনি শরণার্থীর সংখ্যা মেনে না নেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমান নিয়মে শরণার্থীর মর্যাদা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে স্থানান্তর করা হয়। যুক্তরাষ্ট্র পশ্চিমতীরে ইউএনআরডব্লিউএ’র জন্য তহবিল বন্ধ করে দিতে যাচ্ছে।
এছাড়া সংস্থাটির কার্যক্রম কমানোর জন্য ইসরায়েলকে আহ্বানও জানাবে।
ইউএনআরডব্লিউএ’র সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র ২০১৭ সালেও সংস্থাটিকে ৩৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের তহবিল যোগান দিয়েছে।
এই মাসের শুরুতে খবর পাওয়া যায়, ট্রাম্পের জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জেরার্ড কুশনার জর্ডানে অবস্থানরত ২০ লাখের বেশি নিবন্ধিত ফিলিস্তিনি বাসিন্দার শরণার্থী মর্যাদা কেড়ে নেওয়ার জন্য দেশটির ওপর চাপ দিয়েছেন। গত জুন মাসে ওই অঞ্চলে ভ্রমণের সময় কুশনার জর্ডানের কর্মকর্তাদের এই কথা বলেন। সূত্র: আল আরাবিয়া
