
ফাতেহ ডেস্ক: রাজনৈতিক উদ্দেশ্যে সরকার খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে চাইলে অনেক আগেই করা যেত বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, বিএনপি প্রধানের আইনজীবীরা আদালতে ১০ বছরের শুনানিতেও তাকে নির্দোষ প্রমাণ করতে পারেননি। আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এলে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশে পরিণত করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
সংসদ অধিবেশনে দিনের কার্যসূচির শুরুতেই ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। সংরক্ষিত আসনের সদস্য নুরজাহান বেগমের এক সম্পূরক প্রশ্নের জবাবে দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ড নিয়ে কথা বলেন সংসদ নেতা।
প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে গ্রেফতার করলে ২০১৪ সালেই করা যেত। এতিমের টাকা আত্মসাৎ করার অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত খালেদা জিয়াকে সাজা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দেশের উন্নয়নে বর্তমান সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগামীতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হিসাবে গড়ে তোলা হবে।
বর্তমান সরকারের আমলে ছয় হাজারের ওপর নির্বাচন হলেও তা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি বলেও মন্তব্য করেন সংসদ নেতা।
