
ফাতেহ ডেস্ক: দলে অনুপ্রবেশকারীদের বা হাইব্রিড নেতাকর্মীদের বের করতে একাট্টা দলটির তৃণমূল নেতারা। এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের দ্রুত বাস্তবায়ন চান তারা।
শুধু তাই নয়, এসব নেতাকর্মীকে দিয়ে বলয় সৃষ্টিকারী প্রভাবশালী নেতা ও এমপিদের কঠোর শাস্তি দেয়ার পক্ষেও সোচ্চার তারা। এ ছাড়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারদলীয় জোট শরিকদের কোনো কোনো আসনে নৌকার প্রার্থী দেয়ারও দাবি তৃণমূল আওয়ামী লীগের।
আজ শনিবার অনুষ্ঠেয় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার শেষ পর্বে এসব দাবি তুলে ধরবেন বলে দেশের বিভিন্ন অঞ্চলের তৃণমূল নেতারা জানিয়েছেন।
এ সভায় ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও খুলনা বিভাগের জেলা পরিষদ কাউন্সিলর, ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বেলা সাড়ে ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তৃণমূল নেতাকর্মীদের কথা শুনবেন এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় দিকর্দেশনা দেবেন তিনি।
প্রথম দফায় গত ৩০ জুন চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও বরিশাল বিভাগের জেলা পরিষদ কাউন্সিলর, ওয়ার্ড, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ সমর্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৩ জুন জেলা, থানা, মহানগর ও পৌরসভার নেতাদের সঙ্গে ঢাকায় আওয়ামী লীগের বর্ধিত সভা করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
