
ফাতেহ ডেস্ক: বিএনপিসহ ‘দুর্নীতিবাজদের’ নিয়ে কামাল হোসেন ও এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী সরকার উৎখাত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ‘তারা বড় বড় কথা বলে। তারা কী পারবে উন্নয়ন করতে? তারা তো লুটে খাবে।’
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ হিলটন মিডটাউন হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করে।
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে রবিবার নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুর্নীতিবাজদের বাঁচাতেই তথাকথিত জাতীয় ঐক্য হয়েছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘সরকারের পতন ঘটাতে দুর্নীতিবাজরা ঐক্যবদ্ধ হয়েছে। নিজেদের অপকর্মের ফল পাচ্ছে বিএনপি। আদালতে নিজেদের নিরাপরাধ প্রমাণ করাও তাদেরই দায়িত্ব। জনগণ তাদের ভোট দিলে, আওয়ামী লীগের কোনও আপত্তি নেই।’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তোড়জোড়ের মধ্যে বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন ‘যুক্তফ্রন্ট’ এবং ড. কামালের ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে নাগরিক সমাবেশ করে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আসা বিএনপির নেতারাও ওই সমাবেশে যোগ দেন।
ওই সমাবেশে বদরুদ্দোজা চৌধুরী ও কামাল হোসেনের পাশেই বসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও মওদুদ আহমেদ এবং সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টর মইনুল হোসেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং তার দুই ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো তুলে ধরে যুক্তফ্রন্ট ও ‘জাতীয় ঐক্য প্রক্রিয়া’ নিয়ে উষ্মা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বলেন, ‘আমাদের অপরাধটা কী? দোষটা কী? সরকার উৎখাত করতে হবে কেন? কী কারণে? কী কাজটা করিনি দেশের জন্য?’
