
ফাতেহ ডেস্ক: দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মাসেতু প্রকল্পের কাজ। সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবার (২৯ জুন) সকালে ৪১ ও ৪২ নম্বর পিলারের স্প্যান বসানোর কাজ শুরু হবে। ১৫০ মিটার দীর্ঘ এই স্প্যানটি ইতিমধ্যে শরীয়তপুরের জাজিরা প্রান্তে নেওয়া হয়েছে।
১৫০ মিটার দীর্ঘ এই স্প্যানটি বসানো হলে পদ্মা সেতুর ৭৫০ মিটার দৃশ্যমান হবে বলে জানালেন পদ্মা সেতু প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। পরে এ বছরের ২৮ জানুয়ারি ৩৮ ও ৩৯ নম্বর খুঁটিতে বসানো হয় দ্বিতীয় স্প্যান। গত ১১ মার্চ ৩৯ ও ৪০ নম্বর খুঁটির ওপর বসে তৃতীয় স্প্যান। সর্বশেষ ১৩ মে ৪০ ও ৪১ নম্বর খুঁটির ওপর চতুর্থ স্প্যান বসানো হলে সেতুর ৬০০ মিটার দৃশ্যমান হয়।
